টি-টোয়েন্টি সিরিজ
রেকর্ড জুটিতে আফগানদের দাপুটে জয়
লক্ষ্য এবার সিরিজ জয়: বুধবার দ্বিতীয় ম্যাচ
ডেইলি সান রিপোর্ট
প্রকাশ: ২০ জানুয়ারি ২০২৬, ০৩:৪৫ এএম
রশিদের জয়োল্লাস: লক্ষ্য এবার ৭০০ উইকেট। ছবি: এসিবি ফেইসবুক
বোলারদের নিয়ন্ত্রিত বোলিং আর দুই টপ অর্ডার ব্যাটসম্যানের রেকর্ড গড়া জুটিতে ওয়েস্ট ইন্ডিজকে ৩৮ রানে হারিয়েছে আফগানিস্তান। এই জয়ের মাধ্যমে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল রশিদ খানের দল।
দুবাইয়ে টসে হেরে ব্যাটিংয়ে নেমে আফগানিস্তান শুরুতেই বিপর্যয়ে পড়েছিল। ইনিংসের প্রথম ও তৃতীয় ওভারেই দুই উইকেট হারিয়ে কোণঠাসা হয়ে পড়ে তারা। তবে তৃতীয় উইকেটে ইব্রাহিম জাদরান ও দারভিশ রাসুলি মিলে গড়ে তোলেন ১৬২ রানের বিশাল জুটি। এটি আফগানিস্তানের টি-টোয়েন্টি ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ রানের জুটি। জাদরান ৮৭ রানে অপরাজিত থাকেন এবং রাসুলি খেলেন ৮৪ রানের বিধ্বংসী ইনিংস। নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেটে ১৮১ রানের চ্যালেঞ্জিং স্কোর দাঁড় করায় আফগানরা।
১৮২ রানের লক্ষ্যে খেলতে নেমে আফগান স্পিনারদের সামনে অসহায় আত্মসমর্পণ করে ওয়েস্ট ইন্ডিজ। পাওয়ার প্লেতে মুজিব উর রহমান ২৯ রানে ২ উইকেট নিয়ে ক্যারিবীয়দের টপ অর্ডার ধসিয়ে দেন। অধিনায়ক রশিদ খানও বল হাতে ছিলেন দুর্দান্ত; ৪ ওভারে মাত্র ১৯ রান খরচায় শিকার করেন ২ উইকেট। এই দুই উইকেটের সুবাদে টি-টোয়েন্টি ক্রিকেটে রশিদের মোট উইকেট সংখ্যা এখন ৬৯৩।
ওয়েস্ট ইন্ডিজের কোনো ব্যাটসম্যানই বড় ইনিংস খেলতে পারেননি। অভিষিক্ত কুয়েন্টিন স্যাম্পসনের ২৪ বলে ৩০ রানই ছিল দলের সর্বোচ্চ স্কোর। শেষ পর্যন্ত ১৪৩ রানেই অলআউট হয় ক্যারিবীয়রা। ব্যাটিংয়ের পাশাপাশি ফিল্ডিংয়েও চরম ব্যর্থতা দেখিয়েছে ওয়েস্ট ইন্ডিজ; ম্যাচে মোট চারটি ক্যাচ মিস করেন তাদের ফিল্ডাররা। এই সুযোগ কাজে লাগিয়েই শেষ ৬ ওভারে ৭০ রান তুলে নেয় আফগানরা।
সিরিজের দ্বিতীয় ম্যাচটি আগামী বুধবার দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। সিরিজে টিকে থাকতে হলে ক্যারিবীয়দের সামনে এখন জয়ের বিকল্প নেই।