EN ☀️
×

Follow Us

খেলা

সাকিবকে ছাড়িয়ে বিগ ব্যাশে ইতিহাস গড়লেন রিশাদ

আসরের সর্বোচ্চ উইকেটশিকারি স্পিনার

ডেইলি সান রিপোর্ট

প্রকাশ: ১০ জানুয়ারি ২০২৬, ০৩:৩০ পিএম

সাকিবকে ছাড়িয়ে বিগ ব্যাশে ইতিহাস গড়লেন রিশাদ

ছবি: সংগৃহীত

অ অ

অস্ট্রেলিয়ার ঐতিহ্যবাহী ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট বিগ ব্যাশে নিজের অভিষেক আসরেই বল হাতে ম্যাজিক দেখাচ্ছেন বাংলাদেশি লেগস্পিনার রিশাদ হোসেন।

শুক্রবার (১০ জানুয়ারি) অ্যাডিলেড স্ট্রাইকার্সের বিপক্ষে ৩ উইকেট শিকারের মধ্য দিয়ে বিগ ব্যাশে বাংলাদেশি বোলার হিসেবে সর্বোচ্চ উইকেটের নতুন রেকর্ড গড়েছেন তিনি। ভেঙে দিয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের দীর্ঘদিনের রেকর্ড।

বিগ ব্যাশে এর আগে বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে বেশি উইকেটের মালিক ছিলেন সাকিব আল হাসান। তিনি দুই মৌসুমে দুটি ভিন্ন দলের হয়ে ৬ ম্যাচে শিকার করেছিলেন ৯টি উইকেট।

এদিন ৩ উইকেট নেওয়ার ফলে চলতি আসরে রিশাদের মোট উইকেট সংখ্যা দাঁড়ালো ১১টি (৮ ম্যাচে)। এর মাধ্যমেই তিনি সাকিবকে টপকে চূড়ায় বসলেন।

বর্তমানে আসরের সর্বোচ্চ উইকেট শিকারি স্পিনারদের তালিকায় যৌথভাবে শীর্ষে রয়েছেন এই টাইগার লেগস্পিনার।

নিজেদের মাঠ বেলেরাইভ ওভালে টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৭৮ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়ে হোবার্ট হারিকেনস। এদিন রিশাদকে ব্যাটিংয়ে নামতে হয়নি। ১৭৯ রানের লক্ষ্যে তাড়া করতে নেমে রিশাদদের বোলিং তোপে ৯ উইকেটে ১৪১ রানেই থমকে যায় অ্যাডিলেড স্ট্রাইকার্স। ৩৭ রানের বড়ো জয়ের ফলে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান আরও মজবুত করল হোবার্ট।

টানা দুই ম্যাচ উইকেটশূন্য থাকার পর এদিন চেনা রূপে ফেরেন রিশাদ। ৪ ওভার বোলিং করে মাত্র ২৬ রান খরচায় শিকার করেন ৩ উইকেট।

নিজের প্রথম ওভারের শেষ বলে হ্যারি মানেটিকে শর্ট ফাইন লেগে ক্যাচে পরিণত করেন। পরের ওভারের প্রথম বলেই জেমি ওভারটনকে স্ট্যাম্পিংয়ের ফাঁদে ফেলেন। প্রথম দুই ওভারে ২১ রান দিলেও, পরের দুই ওভারে মাত্র ৫ রান খরচ করে লুক উডের উইকেট তুলে নেন তিনি।

রিশাদ ও তার দল হোবার্ট হারিকেনসের পরবর্তী ম্যাচ অনুষ্ঠিত হবে আগামী ১১ জানুয়ারি।

আরও পড়ুন