বাংলাদেশের আপত্তির পর বিশ্বকাপের ‘নতুন সূচি বানাচ্ছে’ আইসিসি
ডেইলি সান রিপোর্ট, স্পোর্টস
প্রকাশ: ০৫ জানুয়ারি ২০২৬, ১২:৫৫ পিএম
ছবি: সংগৃহীত
আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬-এর নিরাপত্তাজনিত কারণে নতুন সূচি তৈরির কাজ শুরু করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। ভারতীয় গণমাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নিরাপত্তা উদ্বেগ জানিয়ে আইসিসিকে চিঠি পাঠানোর পরই এই প্রক্রিয়া শুরু হয়েছে।
সাম্প্রতিক সময়ে বিসিবি ও ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সম্পর্কের অবনতি এই সিদ্ধান্তের পেছনে বড় ভূমিকা রেখেছে। পরিস্থিতি অনেকটা ভারত–পাকিস্তান ক্রিকেট সম্পর্কের মতোই টানাপোড়েনের রূপ নিয়েছে।
কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) থেকে মুস্তাফিজুর রহমানকে ছেড়ে দেয়ার ঘটনাকে কেন্দ্র করে দুই দেশের টানাপোড়েন শুরু। আবুধাবিতে অনুষ্ঠিত নিলামে ৯ কোটি ২০ লাখ রুপিতে মুস্তাফিজকে দলে নিয়েছিল কেকেআর। তবে বিসিসিআইয়ের নির্দেশে, চলমান রাজনৈতিক ও কূটনৈতিক উত্তেজনার প্রেক্ষাপটে কেকেআর মুস্তাফিজকে স্কোয়াড থেকে ছেড়ে দেয়। এর পেছনে অবশ্য দেশটির কিছু উগ্রপন্থীর চাপ ছিল।
বিসিবির পক্ষ থেকে রবিবার এক বিবৃতিতে জানানো হয়, নিরাপত্তা ও সুরক্ষা নিয়ে উদ্বেগ থাকার কারণে তারা আইসিসিকে আবেদন করেছে, বাংলাদেশ দলের ম্যাচগুলো ভারত থেকে সরিয়ে শ্রীলঙ্কায় আয়োজন করার জন্য।
বিশ্বকাপ শুরু হতে মাত্র এক মাস বাকি থাকায় (৭ ফেব্রুয়ারি) নতুন সূচি তৈরিতে আয়োজকদের বড় ধরনের লজিস্টিক চ্যালেঞ্জের মুখোমুখি হতে হতে পারে। মূল সূচি অনুযায়ী, গ্রুপ সি-তে বাংলাদেশের প্রথম তিনটি ম্যাচ হওয়ার কথা ছিল কলকাতায় ৭ ফেব্রুয়ারি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে, ৯ ফেব্রুয়ারি ইতালির বিপক্ষে এবং ১৪ ফেব্রুয়ারি ইংল্যান্ডের বিপক্ষে। গ্রুপ পর্বে বাংলাদেশের শেষ ম্যাচটি ১৭ ফেব্রুয়ারি মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে নেপালের বিপক্ষে হওয়ার কথা ছিল।
এর মধ্যেই বিসিবি টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে। এই ২০ দলের টুর্নামেন্টটি ৭ ফেব্রুয়ারি থেকে ৮ মার্চ পর্যন্ত ভারত ও শ্রীলঙ্কার আটটি ভেন্যুতে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।