EN ☀️
×

Follow Us

খেলা

নিরাপত্তা শঙ্কায় ভারতে দল পাঠাবে না বাংলাদেশ

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ০৪ জানুয়ারি ২০২৬, ০২:১১ পিএম

নিরাপত্তা শঙ্কায় ভারতে দল পাঠাবে না বাংলাদেশ

ছবি: সংগৃহীত

অ অ

আগামী মাসে ভারত ও শ্রীলঙ্কায় যৌথভাবে বসতে যাচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর। তবে নিরাপত্তার কারণ দেখিয়ে ভারতে দল না পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। 

রবিবার (৪ জানুয়ারি) আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলকে (আইসিসি) ই-মেইলের মাধ্যমে বিসিবি তাদের এই চূড়ান্ত সিদ্ধান্তের কথা জানিয়েছে।

মেইলে বিসিবি জানায়, নিরাপত্তার শঙ্কায় ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপে দল পাঠানো সম্ভব নয়। এসময় ভেন্যু সরিয়ে নিতেও আবেদন করেছে বোর্ড।

এ নিয়ে জানতে চাইলে ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান নাজমূল আবেদীন ডেইলি সানকে বলেন, ‘কিছুক্ষণের মধ্যেই এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে আমরা অবস্থান পরিষ্কার করব।’

জানা গেছে, আজ রবিবার বিসিবির বোর্ড পরিচালকদের এক সভায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে, ভারতের মাটিতে বিশ্বকাপের কোনো ম্যাচেই খেলবে না বাংলাদেশ। 

এর আগে ভারতে সাম্প্রদায়িক গোষ্ঠীর কাছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) নতি স্বীকার করে আইপিএলের ফ্রেঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্স থেকে মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার নির্দেশ দেয়।

এতে মুস্তাফিজকে দল থেকে ছেড়ে দিতে বাধ্য হয়েছে কলকাতা। এরপরই ক্ষুব্ধ হয়ে ওঠে দেশের ক্রিকেট ভক্তরা। যেখানে একজনকে নিরাপত্তা দেওয়া সম্ভব হচ্ছে না সেখানে গোটা দলের নিরাপত্তা নিয়ে জনমনে জাগে শঙ্কা। 

এর আগে গতকাল শনিবার রাতে সরকারের ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল ফেসবুকে লেখেন, ‘ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা হিসেবে আমি ক্রিকেট বোর্ডকে নির্দেশ দিয়েছি পুরো বিষয়টি লিখিতভাবে আইসিসিকে জানাতে।’

তিনি আরও লেখেন, ‘চুক্তির আওতায় থেকেও যদি কোনো বাংলাদেশি ক্রিকেটার ভারতে খেলতে না পারেন, তাহলে জাতীয় দল বিশ্বকাপ খেলতে ভারতে গেলে নিরাপদ বোধ করবে না। তাই আমি বোর্ডকে অনুরোধ করতে বলেছি, বাংলাদেশের বিশ্বকাপের ম্যাচগুলো যেন শ্রীলঙ্কায় আয়োজন করা হয়।’

আরও পড়ুন