EN ☀️
×

Follow Us

ধর্ম

দোয়া কবুলে বাধা হতে পারে যে তিন বিষয়

ধর্ম ডেস্ক

প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৬, ১২:০৩ এএম

দোয়া কবুলে বাধা হতে পারে যে তিন বিষয়

দুই হাত তুলে আল্লাহর কাছে দোয়া করছেন একজন মুসল্লি।

অ অ

দিনের পর দিন, কখনো মাসের পর মাস দোয়া করেও কাঙ্ক্ষিত ফল না পেলে মনে প্রশ্ন জাগে, দোয়া কি কবুল হচ্ছে না? ইসলামে দোয়া শুধু প্রয়োজন পূরণের আবেদন নয়, বরং আল্লাহর সঙ্গে বান্দার সম্পর্কের প্রকাশ।

কোরআনে আল্লাহ বলেন, ‘আমি তো নিকটেই। আহ্বানকারী যখন আমাকে আহ্বান করে, আমি তার আহ্বানে সাড়া দিই।’ (সুরা বাকারা, আয়াত: ১৮৬) তবে কোরআন ও হাদিসে এমন কয়েকটি বিষয়ের কথা আছে, যা দোয়া কবুলের পথে বাধা হতে পারে।

১. হারাম উপার্জন ও হারাম খাদ্য

আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) বলেছেন, আল্লাহ পবিত্র এবং পবিত্র বস্তু ছাড়া গ্রহণ করেন না। তিনি এমন এক ব্যক্তির কথা বলেন, যিনি দীর্ঘ সফরে ক্লান্ত ও ধূলিমলিন অবস্থায় দুই হাত তুলে ‘হে আমার রব, হে আমার রব’ বলে দোয়া করেন। অথচ তাঁর খাদ্য, পানীয় ও পোশাক হারাম এবং শরীর গড়ে উঠেছে হারামে। রাসুল (সা.) প্রশ্ন করেন, এমন ব্যক্তির দোয়া কীভাবে কবুল হবে? (মুসলিম, হাদিস: ১০১৫) তাই উপার্জন, খাদ্য ও জীবনযাপনের বৈধতায় সচেতন থাকা জরুরি।

২. গোনাহ ও আত্মীয়তা ছিন্ন করার দোয়া

দোয়ার বিষয় হতে হবে বৈধ ও কল্যাণকর। আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, রাসুল (সা.) বলেছেন, বান্দার দোয়া কবুল হতে থাকে, যতক্ষণ না সে গোনাহ বা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার দোয়া করে। (মুসলিম, হাদিস: ২৭৩৫) রাগ, ক্ষোভ বা প্রতিশোধের বশে অন্যায় কিছুর জন্য দোয়া করা থেকে তাই বিরত থাকা উচিত।

৩. তাড়াহুড়া ও হতাশ হয়ে দোয়া ছেড়ে দেওয়া

ফল দেরিতে এলে অনেকে বলেন, এতবার দোয়া করেও পেলাম না, তারপর দোয়াই ছেড়ে দেন। রাসুল (সা.) বলেছেন, তোমাদের প্রত্যেকের দোয়া কবুল হতে থাকে, যতক্ষণ না সে তাড়াহুড়া করে। সাহাবিরা জানতে চাইলে তিনি ব্যাখ্যা করেন, তাড়াহুড়া হলো এই বলা যে ‘আমি দোয়া করলাম, কিন্তু কবুল হলো না’। (বোখারি, হাদিস: ৬৩৪০) সহিহ মুসলিমের বর্ণনায় আছে, এভাবে হতাশ হয়ে মানুষ দোয়া করা ছেড়ে দেয়। (মুসলিম, হাদিস: ২৭৩৫)

দোয়া কবুল মানেই কি চাওয়া পূরণ?

দোয়া কবুল মানে সব সময় চাওয়া জিনিসটি সঙ্গে সঙ্গে পাওয়া নয়। উবাদা ইবনুস সামিত (রা.) থেকে বর্ণিত, রাসুল (সা.) বলেছেন, কোনো মুসলিম দোয়া করলে আল্লাহ হয় তাকে তা দান করেন, নয়তো তার সমপরিমাণ অনিষ্ট সরিয়ে দেন, যতক্ষণ না সে গোনাহ বা আত্মীয়তা ছিন্ন করার দোয়া করে। (তিরমিজি, হাদিস: ৩৫৭৩) আলেমদের মতে, কোনো দোয়ার প্রতিদান আখিরাতের জন্যও জমা থাকতে পারে।

তাই দোয়ার ফল পেতে দেরি হলে তা কবুল হচ্ছে না, এমন সিদ্ধান্ত ঠিক নয়। বরং নিজের উপার্জন ও আমল পর্যালোচনা করা, গোনাহ থেকে ফিরে আসা এবং ধৈর্য ধরে দোয়া চালিয়ে যাওয়াই উত্তম।

আরও পড়ুন