সকাল-সন্ধ্যার জিকিরে মেলে আত্মিক প্রশান্তি ও সুরক্ষা।
সারা দিনের ক্লান্তির পর সন্ধ্যা যেমন প্রশান্তি আনে, তেমনি ভোরের আলোয় শুরু হয় নতুন দিন। একজন মুমিনের জীবনে সকাল ও সন্ধ্যার নির্দিষ্ট জিকির ও দোয়ার বিশেষ গুরুত্ব রয়েছে। ফজরের পর সকালে এবং মাগরিবের পর সন্ধ্যায় এসব আমল করলে আত্মিক প্রশান্তির পাশাপাশি আল্লাহর রহমত ও সুরক্ষা লাভের আশা করা যায়। হাদিসের আলোকে আটটি গুরুত্বপূর্ণ আমল তুলে ধরা হলো।
১. সাইয়্যিদুল ইস্তিগফার: দৃঢ় বিশ্বাসের সঙ্গে সকাল বা সন্ধ্যায় এ দোয়া পাঠ করে ওই দিন বা রাতে মারা গেলে জান্নাত লাভের সুসংবাদ রয়েছে (সহিহ বুখারি: ৬৩০৬)।
২. অনিষ্ট থেকে বাঁচার দোয়া: ‘বিসমিল্লাহিল্লাজি লা ইয়াদুররু মাআসমিহি শাইয়ুন ফিল আরদি ওয়ালা ফিসসামাই ওয়া হুয়াসসামিউল আলিম।’ সকাল-সন্ধ্যায় তিনবার পড়লে আল্লাহর ইচ্ছায় কোনো অনিষ্ট ক্ষতি করতে পারে না (আবু দাউদ: ৫০৭২)।
৩. তাসবিহ: ‘সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি’ সকাল-সন্ধ্যায় ১০০ বার পাঠকারীর চেয়ে উত্তম আমল নিয়ে কিয়ামতে কেউ আসবে না (সহিহ মুসলিম)।
৪. আয়াতুল কুরসি: সকাল-সন্ধ্যা ও প্রতি ফরজ নামাজের পর পাঠে শয়তানের কুমন্ত্রণা থেকে আশ্রয় মেলে।
৫. সন্তুষ্টির দোয়া: ‘রাদিতু বিল্লাহি রব্বান, ওয়াবিল ইসলামি দিনান, ওয়াবি মুহাম্মাদিন নাবিয়্যান।’ তিনবার পাঠকারীকে কিয়ামতে আল্লাহ সন্তুষ্ট করবেন (তিরমিজি: ৩৩৮৯; ইবনে মাজাহ: ৩৮৭০)।
৬. জাহান্নাম থেকে মুক্তির দোয়া: ফজর ও মাগরিবের পর কথা বলার আগে সাতবার ‘আল্লাহুম্মা আজিরনি মিনান নার’ পড়ার ফজিলত বর্ণিত আছে (আবু দাউদ: ৫০৭৯)।
৭. তিন কুল: সুরা ইখলাস, ফালাক ও নাস সকাল-সন্ধ্যায় তিনবার করে পাঠ সব অনিষ্ট থেকে সুরক্ষার জন্য যথেষ্ট (তিরমিজি: ৩৫৭৫)।
৮. সুরা হাশরের শেষ তিন আয়াত: মাগরিবের পর তিনবার ‘আউযুবিল্লাহিস সামিয়িল আলিমি মিনাশ শাইতানির রজিম’ পড়ে একবার পাঠ করলে ৭০ হাজার ফেরেশতা দোয়া করেন বলে হাদিসে এসেছে (তিরমিজি: ২৯২২)।
নিয়মিত এসব আমলের মাধ্যমে একজন মুমিন আল্লাহর নৈকট্য লাভের চেষ্টা করতে পারেন।