EN ☀️
×

Follow Us

ধর্ম

প্রথম স্মার্ট মসজিদ উদ্বোধন করল কাতার

আবু তাশফিন

প্রকাশ: ১১ জুলাই ২০২৬, ০২:৫২ এএম

প্রথম স্মার্ট মসজিদ উদ্বোধন করল কাতার

ছবি: সংগৃহীত

অ অ

আধুনিক প্রযুক্তির মাধ্যমে মসজিদ পরিচালনার নতুন উদ্যোগ হিসেবে কাতারে প্রথম স্মার্ট মসজিদ উদ্বোধন করা হয়েছে। দেশটির ধর্মীয় দাতব্য ও ইসলামবিষয়ক মন্ত্রণালয় রাজধানী দোহার মুয়াইথার এলাকায় 'কায়েস বিন সা'দ বিন উবাদাহ মসজিদ' উদ্বোধন করে। মন্ত্রণালয়ের দাবি, এটিই কাতারের প্রথম স্মার্ট মসজিদ।

মসজিদটি প্রায় ৪ হাজার ১৫ বর্গমিটার জমির ওপর নির্মিত হয়েছে। এখানে একসঙ্গে প্রায় ৩৫০ জন মুসল্লি নামাজ আদায় করতে পারবেন। এর মধ্যে পুরুষদের জন্য ৩০০ জন এবং নারীদের জন্য পৃথক ৫০ জনের নামাজের ব্যবস্থা রয়েছে। এছাড়া ইমাম ও মুয়াজ্জিনের আবাসনসহ প্রয়োজনীয় অন্যান্য সুবিধাও রাখা হয়েছে।

মসজিদটিতে বিদ্যুৎ ও পানির ব্যবহার কমাতে একাধিক স্মার্ট প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। এর মধ্যে রয়েছে বুদ্ধিমান বিদ্যুৎ ও পানি ব্যবস্থাপনা, সৌরবিদ্যুৎ উৎপাদনের জন্য সোলার প্যানেল এবং অজুর পানি পুনর্ব্যবহারের বিশেষ ব্যবস্থা।

অজুর ব্যবহৃত পানি শোধন করে টয়লেট ব্যবহারের পাশাপাশি আশপাশের সবুজায়নে কাজে লাগানো হবে। এছাড়া মসজিদের চারপাশের সবুজায়ন এমনভাবে পরিকল্পনা করা হয়েছে, যাতে কার্বন নিঃসরণ কমে এবং পরিবেশগত টেকসই উন্নয়ন নিশ্চিত হয়।

প্রকল্পটির অর্থায়ন করেছেন কাতারের দানবীর আয়েদ বিন হাসান জুনাইদ আল-ওবাইদি। মন্ত্রণালয় জানিয়েছে, এটি তাদের ২০২৫-২০৩০ কৌশলগত পরিকল্পনার অংশ। এ পরিকল্পনায় মসজিদের অবকাঠামো উন্নয়ন, ধর্মীয় সেবার মান বৃদ্ধি, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং ওয়াকফভিত্তিক প্রকল্পে টেকসই উন্নয়নের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

এ উদ্যোগ 'কাতার ন্যাশনাল ভিশন ২০৩০'-এর সঙ্গেও সামঞ্জস্যপূর্ণ বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ বিন হামাদ আল-কুওয়ারি বলেন, স্মার্ট মসজিদ প্রকল্পটি সরকারি ও বেসরকারি অংশীদারত্বের সফল উদাহরণ। ভবিষ্যতে কাতারের বিভিন্ন এলাকায় আরও স্মার্ট মসজিদ নির্মাণ করা হবে।

সূত্র: গালফ নিউজ

আরও পড়ুন