হজ ২০২৭-এর রোডম্যাপ প্রকাশ, সেপ্টেম্বরের মধ্যে শেষ করতে হবে নিবন্ধন
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ০৮ জুন ২০২৬, ০২:৫৪ পিএম
ছবি: সংগৃহীত
২০২৭ সালের (হিজরি ১৪৪৮) হজ ব্যবস্থাপনার রোডম্যাপ প্রকাশ করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। এতে জানানো হয়েছে, চলতি বছরের ২৬ সেপ্টেম্বরের মধ্যে হজযাত্রী নিবন্ধন কার্যক্রম সম্পন্ন করতে হবে। রোডম্যাপে হজের বিভিন্ন ধাপের সময়সূচিও নির্ধারণ করা হয়েছে।
রবিবার (৭ জুন) মন্ত্রণালয়ের হজ-১ শাখা থেকে এ রোডম্যাপ প্রকাশ করা হয়।
এর আগে গত ২৯ মে সৌদি আরবের হজ ও উমরাহ মন্ত্রণালয় জেদ্দায় এক অনুষ্ঠানের মাধ্যমে ২০২৭ সালের হজ কার্যক্রমের সময়সূচি ঘোষণা করে বিভিন্ন দেশের ধর্ম বিষয়ক মন্ত্রীদের কাছে তা হস্তান্তর করে।
অনুষ্ঠানে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন (কায়কোবাদ) আমন্ত্রিত অতিথি হিসেবে অংশ নেন এবং সৌদি হজ ও উমরাহ মন্ত্রণালয়ের সহকারী মন্ত্রী ড. আল হাসান বিন ইয়াহইয়া আল মানাখরাহ তাঁর কাছে আনুষ্ঠানিকভাবে হজ রোডম্যাপ হস্তান্তর করেন।
প্রকাশিত রোডম্যাপ অনুযায়ী, আগামী ৮ নভেম্বর সৌদি আরবের সঙ্গে দ্বিপাক্ষিক হজচুক্তি স্বাক্ষরিত হবে।
এতে বলা হয়েছে, ২০২৭ সালের ২৮ জানুয়ারি থেকে হজ ভিসা ইস্যু শুরু হবে এবং ৮ এপ্রিল থেকে হজ ফ্লাইট পরিচালনা শুরু হবে। চাঁদ দেখা সাপেক্ষে ১৫ মে (৯ জিলহজ) অনুষ্ঠিত হবে ২০২৭ সালের হজ।
রোডম্যাপে আরও উল্লেখ করা হয়েছে, সৌদি প্রান্তের খরচ নুসুক মাসার প্ল্যাটফর্মের ই-ওয়ালেটে স্থানান্তর কার্যক্রম চলবে ১৫ জুলাই থেকে ২৪ ডিসেম্বর পর্যন্ত। পাশাপাশি হজ সেবা প্যাকেজ—তাঁবু, হোটেল, ক্যাটারিং ও পরিবহন—সংক্রান্ত চুক্তি স্বাক্ষর চলবে ২৯ জুলাই ২০২৬ থেকে ২৩ জানুয়ারি ২০২৭ পর্যন্ত।
হজযাত্রীদের ডাটা নুসুক মাসার সিস্টেমে আপলোড করতে হবে ১৪ আগস্ট ২০২৬ থেকে ২৮ জানুয়ারি ২০২৭ এর মধ্যে। একই সঙ্গে হজযাত্রী পরিবহনকারী এয়ারলাইন্সের সঙ্গে চুক্তি ও প্রয়োজনীয় ডকুমেন্টেশন সম্পন্ন করতে হবে ২৯ জুলাই থেকে ৮ নভেম্বরের মধ্যে।
ধর্ম মন্ত্রণালয় সংশ্লিষ্ট সব কার্যক্রম রোডম্যাপ অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করার জন্য সংশ্লিষ্টদের অনুরোধ জানিয়েছে।