হজ টিমের সদস্যদের ধর্মমন্ত্রী
‘সরকারের ভাবমূর্তি রক্ষায় সতর্ক থাকুন’
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ১৫ এপ্রিল ২০২৬, ০৫:৫৪ পিএম
সরকারের ভাবমূর্তি যেন কোনোভাবে ক্ষুণ্ণ না হয়, সেদিকে সজাগ দৃষ্টি রাখতে হজ টিমের সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)।
বুধবার (১৫ এপ্রিল) সকালে রাজধানীর আশকোনায় হজ অফিসের সম্মেলন কক্ষে আয়োজিত এক প্রশিক্ষণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
হজ টিমের সদস্যদের উদ্দেশে ধর্মমন্ত্রী বলেন, ‘আপনারা পবিত্র হজ পালনে যাওয়া ব্যক্তিদের খাদেম হিসেবে যাচ্ছেন। এটি পরম সৌভাগ্যের বিষয়। হাজিদের যথাযথ সেবা প্রদানের মাধ্যমেই আল্লাহর সন্তুষ্টি অর্জন সম্ভব। তাই নিজেদের প্রকৃত খাদেম হিসেবে নিয়োজিত করতে হবে।’
বর্তমানে সরকারের বিরুদ্ধে নানামুখী ষড়যন্ত্র চলছে উল্লেখ করে কায়কোবাদ বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমানের বিরুদ্ধেও ষড়যন্ত্র অব্যাহত রয়েছে। এই ষড়যন্ত্রের বিরুদ্ধে সবাইকে হুঁশিয়ার থাকতে হবে। কোনোভাবেই যেন সরকারের ভাবমূর্তি নষ্ট না হয়, সেদিকে খেয়াল রাখতে হবে।’
দায়িত্ব পালনে অবহেলার বিষয়ে কঠোর হুঁশিয়ারি দিয়ে মন্ত্রী বলেন, ‘হজযাত্রীদের সেবা বাদ দিয়ে অন্য কোনো কাজে লিপ্ত হওয়া যাবে না। আল্লাহর মেহমানদের সেবায় কোনো ধরনের গাফিলতি সহ্য করা হবে না। যারা হাজিদের সাথে প্রতারণা বা অসদাচরণ করবে, তাদের কোনো ক্ষমা নেই।’
ধর্ম সচিব মুন্সী আলাউদ্দিন আল আজাদের সভাপতিত্বে এ প্রশিক্ষণে গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার, ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এস.এম. জাহাঙ্গীর হোসেন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মো. শফিকুল ইসলাম খান ও হজ অনুবিভাগের অতিরিক্ত সচিব ড. মো. আয়াতুল ইসলাম বক্তৃতা করেন।
এ প্রশিক্ষণে হজ মনিটরিং টিম, প্রশাসনিক টিম, প্রশাসনিক সহায়ক টিম, কারিগরি টিম ও সমন্বিত চিকিৎসক টিমের সদস্যরা অংশগ্রহণ করেন।
