EN ☀️
×

Follow Us

ধর্ম

ফজরের জামাত দাঁড়িয়ে গেলে সুন্নত পড়ার বিধান

ডেইলি সান রিপোর্ট, ধর্ম ও জীবন

প্রকাশ: ১৫ এপ্রিল ২০২৬, ০৪:৩০ এএম

ফজরের জামাত দাঁড়িয়ে গেলে সুন্নত পড়ার বিধান

ছবি: সংগৃহীত

অ অ

ফজরের দুই রাকাত সুন্নাত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আমল। এর ফজিলতও অনেক বেশি। আয়েশা (রা.) বলেছেন, মহানবী (সা.) ফজরের দুই রাকাত (সুন্নত) নামাজে এত গুরুত্ব দিতেন যা অন্য কোনো নফল (বা সুন্নত) নামাজে দিতেন না। (সহিহ বুখারি, হাদিস নং : ১১৬৯) 

অন্য এক হাদিসে আবু উমামা (রা.) থেকে বর্ণিত, মহানবী (সা.) বলেছেন, ‘(ফজরের সময়) যে ব্যক্তি (নিজের ঘরে) অজু করে, তারপর মসজিদে এসে ফজরের নামাজের পূর্বে দুই রাকাত নামাজ পড়ে, তারপর বসে (অপেক্ষা করে) ফজরের নামাজ (জামাআতে) পড়ে, সেই ব্যক্তির সেদিনকার নামাজ নেক লোকদের নামাজ হিসাবে গণ্য করা হয়। আর তার নাম পরম করুণাময় আল্লাহর প্রতিনিধিদলের সাথে তালিকাভুক্ত হয়।’ (ত্বাবারানি, হাদিস নং : ৭৭৬৬)

তবে যেহেতু ফরজ দাঁড়িয়ে গেলে সুন্নত পড়া যায় না আবার ইসলামে ফজরের সুন্নত অত্যন্ত গুরুত্বপূর্ণ ও ফজিলতপূর্ণ, তাই জামাত দাঁড়িয়ে গেলে বিশেষভাবে ফজরের সুন্নত পড়া যাবে কিনা এবিষয়ে অনেকে দ্বিধায় পড়ে যান। এ বিষয়ে সহিহশুদ্ধ মত হলো, ফজরের জামাত শুরু হয়ে গেলেও সুন্নত পড়ে যদি জামাতের সঙ্গে অন্তত দ্বিতীয় রাকাতও পাওয়া যায়, তাহলে সুন্নত নামাজ পড়ে নিতে হবে।

আর দ্বিতীয় রাকাত পাওয়ার সম্ভাবনা না থাকলে সুন্নত পড়বে না; বরং জামাতে শরিক হয়ে যাবে এবং সূর্যোদয়ের পর সুন্নত পড়ে নেবে।

কিন্তু জামাত শেষ হওয়ার পর সূর্যোদয়ের আগে এ সুন্নত পড়বে না। কেননা আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত হাদিসে রাসুল (সা.) বলেন, ‘যে ফজরের দুই রাকাত (সুন্নত) পড়তে পারে না, সে যেন তা সূর্যোদয়ের পর পড়ে নেয়।’ (তিরমিজি, হাদিস নং : ৪২৩)

ইমাম মারগিনানি (রাহ.) বলেন, ‘যে মসজিদে গিয়ে দেখে, ফজরের জামাত শুরু হয়ে গেছে কিন্তু তার সুন্নত পড়া হয়নি, যদি তার মনে হয় যে, সুন্নত পড়লে জামাতের এক রাকাত ছুটে গেলেও আরেক রাকাত পাওয়া যাবে, তাহলে মসজিদের দরজায় সুন্নত পড়ে নেবে। তারপর জামাতে শরিক হবে।

কারণ এখানে উভয় ফজিলতের (ফজরের সুন্নতের ফজিলত ও জামাতের ফজিলত) মধ্যে সমন্বয় করা সম্ভব হচ্ছে। আর যদি মনে হয় যে, উভয় রাকাত ছুটে যাবে তাহলে জামাতে শরিক হয়ে যাবে। কারণ জামাতের মর্যাদা বেশি এবং তা পরিত্যাগ করার ব্যাপারে সতর্কবাণী এসেছে। (হেদায়া, খন্ড : ১, পৃষ্ঠা : ৩১৫-৩১৬)

জামাত চলা অবস্থায় ফজরের সুন্নত পড়ার অনুমতি দেওয়ার পক্ষে আলেমদের অভিমত হলো, বহুসংখ্যক সাহাবি-তাবেয়ি ইকামত বা জামাত চলা অবস্থায় মসজিদে এলে মসজিদের ভেতরে জামাতের কাতার থেকে দূরে বারান্দায় বা মসজিদের খুঁটির আড়ালে ফজরের দুই রাকাত সুন্নত পড়ে নিতেন। তারপর জামাতে শরিক হতেন।

আবার কিছু সাহাবি-তাবেয়ি মসজিদের ভেতরে না পড়লেও বাইরে পড়তেন। তারপর ইমামের সাথে শরিক হতেন। তাই ফজরের জামাত চলাকালে মসজিদের ভেতরে জামাতের কাতার থেকে দূরে বারান্দায় বা মসজিদের এক কোণায় কিংবা খুঁটির আড়ালে ফজরের সুন্নত পড়া যাবে। এবং সুন্নাত পড়ে নেয়াই উত্তম। (বাদায়েউস সানায়ে, খণ্ড : ১, পৃষ্ঠা : ৬৩৯, কিফায়াতুল মুফতি, খণ্ড : ৪, পৃষ্ঠা : ৫৫১)

আরও পড়ুন