আগামীকাল পবিত্র শবে কদর
মহান আল্লাহর নৈকট্য লাভে এই রাতে মুসল্লিরা নফল নামাজ ও জিকিরে মশগুল থাকবেন।
ডেইলি সান রিপোর্ট
প্রকাশ: ১৫ মার্চ ২০২৬, ০৫:১৭ পিএম
ছবি: সংগৃহীত
যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে আগামীকাল সোমবার (১৬ মার্চ) দিবাগত রাতে সারা দেশে পবিত্র লাইলাতুল কদর বা শবেকদর পালিত হবে। এই মহিমান্বিত রাত উপলক্ষ্যে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে বিশেষ আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
রবিবার (১৫ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে ইসলামিক ফাউন্ডেশন এ কথা জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামীকাল সোমবার বাদ মাগরিব বায়তুল মোকাররম জাতীয় মসজিদে পবিত্র কোরআন ও হাদিসের আলোকে লাইলাতুল কদরের ফজিলত, গুরুত্ব ও তাৎপর্য বিষয়ে আলোচনা করা হবে। ওয়াজ পেশ করবেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম মুফতি মুহাম্মদ মিজানুর রহমান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক (সিনিয়র জেলা ও দায়রা জজ) আ. ছালাম খান। সভায় সভাপতিত্ব করবেন দ্বিনি দাওয়াত ও সংস্কৃতি বিভাগের পরিচালক ড. মোহাম্মদ হারুনুর রশীদ।
কেন্দ্রীয় কর্মসূচির পাশাপাশি ইসলামিক ফাউন্ডেশনের সকল বিভাগীয় ও জেলা কার্যালয়, ইসলামিক মিশন কেন্দ্র এবং ইমাম প্রশিক্ষণ একাডেমিগুলোতেও পবিত্র শবেকদর উপলক্ষ্যে অনুরূপ আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
মহিমান্বিত এই রাতে ধর্মপ্রাণ মুসলমানরা মহান আল্লাহর নৈকট্য লাভের আশায় নফল নামাজ, কোরআন তিলাওয়াত ও জিকির-আসকারের মাধ্যমে ইবাদতে মশগুল থাকবেন।