বদর দিবস আজ, সত্য ও ন্যায়ের লড়াইয়ের এক ঐতিহাসিক দিন
সত্য ও ন্যায়ের পথে অবিচল থাকার অদম্য সাহসের এক অনন্য প্রতীক হয়ে আছে এই দিনটি
ডেইলি সান রিপোর্ট
প্রকাশ: ০৭ মার্চ ২০২৬, ০২:৫৪ পিএম
আজ ১৭ রমজান। ইসলামি ইতিহাসের এক গৌরবোজ্জ্বল ও অবিস্মরণীয় দিন—ঐতিহাসিক বদর দিবস। ৬২৪ খ্রিস্টাব্দের (২ হিজরি) এই দিনে মদিনার অদূরে বদর প্রান্তরে সংঘটিত হয়েছিল ইসলামের প্রথম ঐতিহাসিক যুদ্ধ।
সত্য ও ন্যায়ের পথে অবিচল থাকার অদম্য সাহসের এক অনন্য প্রতীক হয়ে আছে এই দিনটি।
৬২৪ খ্রিস্টাব্দে (২ হিজরি) মদিনার অদূরে বদর প্রান্তরে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর নেতৃত্বে মুসলিম বাহিনী এবং মক্কার কুরাইশদের মধ্যে এই যুদ্ধ সংঘটিত হয়। মুসলিম বাহিনীর সদস্য সংখ্যা ছিল মাত্র ৩১৩ জন, অপরদিকে কুরাইশ বাহিনীর সংখ্যা ছিল প্রায় এক হাজার। সংখ্যায় কম হলেও ঈমান, ধৈর্য ও আল্লাহর প্রতি অটল বিশ্বাসের কারণে মুসলমানরা এই যুদ্ধে বিজয় অর্জন করেন।
ইসলাম ইতিহাসে বদর যুদ্ধকে সত্য ও ন্যায়ের বিজয়ের প্রতীক হিসেবে দেখা হয়। এই যুদ্ধে মুসলিমদের বিজয় ইসলামের ভিত্তিকে আরও সুদৃঢ় করে এবং মদিনায় মুসলিম সমাজের অবস্থানকে শক্তিশালী করে।
প্রতিবছর ১৭ রমজান এ দিনটি মুসলিম বিশ্বে শ্রদ্ধা ও গুরুত্বের সঙ্গে স্মরণ করা হয়। বিভিন্ন ধর্মীয় ও সামাজিক সংগঠন বদর দিবস উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল ও বিশেষ কর্মসূচির আয়োজন করে থাকে।