সবজি-পেঁয়াজের দাম কমেছে, স্বস্তি ডিম-মুরগিতেও
রাজধানীর বাজারে সবজির সরবরাহ বেড়েছে, বেশিরভাগ সবজি মিলছে ৫০-৮০ টাকা কেজিতে; পেঁয়াজ নেমেছে ৪০ টাকায়
ডেইলি সান রিপোর্ট
প্রকাশ: ১৯ জুন ২০২৬, ০৩:১১ পিএম
ছবি: সংগৃহীত
নতুন অর্থবছরের বাজেট ঘোষণার পর সাধারণত নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়ে। কিন্তু এবার উল্টো চিত্র— বাজেট পাসের পরও রাজধানীর বাজারে সবজি ও পেঁয়াজের দাম কমেছে। একইসঙ্গে ডিম ও মুরগির বাজারেও ফিরেছে স্বস্তি।
শুক্রবার (১৯ জুন) সকালে রাজধানীর বিভিন্ন কাঁচাবাজার ঘুরে এ তথ্য পাওয়া গেছে। বাজারে সবজির সরবরাহ বেড়ে যাওয়ায় দাম নিয়ন্ত্রণে রয়েছে। বেশিরভাগ সবজি বিক্রি হচ্ছে ৫০ থেকে ৮০ টাকা কেজিতে।
করলা ৭০ টাকা, বরবটি ৬০ টাকা, পটল ৬০ টাকা, কাঁকরোল ৬০-৭০ টাকা, বেগুন (গোল ও লম্বা) ৬০ টাকা, শসা ৫০ টাকা, গাজর ১০০-১২০ টাকা, পেঁপে ৪০-৫০ টাকা, আলু ২৫ টাকা, কাঁচামরিচ ৬০-৮০ টাকা, ধনেপাতা ১০ টাকা (আঁটি), লাউ ৫০-৬০ টাকা (পিস), পেঁয়াজ ৪০ টাকা।
ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ১৫০-১৬০ টাকা কেজিতে, সোনালি মুরগি ৩২০ টাকা। ঈদুল আজহার পরেও গরুর মাংসের দাম বাড়েনি, চলছে ৮০০ টাকা কেজিতে। ডিমের দাম ডজনপ্রতি ১১০ থেকে ১২০ টাকা।
মাছের দামে উল্লেখযোগ্য পরিবর্তন নেই। পাঙাশ ১৮০-২০০ টাকা, তেলাপিয়া ২০০-২৩০ টাকা, রুই ২৬০-৩৫০ টাকা, দেশি টেংরা ৬০০ টাকা, শোল ৭০০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। চিংড়ির দাম তুলনামূলক বেশি— আকার ও জাতভেদে ৫৫০ থেকে ৯০০ টাকা কেজি।