EN ☀️
×

Follow Us

প্রবাস

বাংলাদেশসহ ৩১ দেশের মাল্টিপল এন্ট্রি ভিসা সুবিধা বাতিল মালয়েশিয়ার

ডেইলি সান রিপোর্ট, আন্তর্জাতিক

প্রকাশ: ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৭ এএম

বাংলাদেশসহ ৩১ দেশের মাল্টিপল এন্ট্রি ভিসা সুবিধা বাতিল মালয়েশিয়ার

ছবি: সংগৃহীত

অ অ

বাংলাদেশসহ ৩১ দেশের নাগরিকদের জন্য মাল্টিপল এন্ট্রি ভিসা (এমইভি) সুবিধা সীমিত করেছে মালয়েশিয়া। নতুন সিদ্ধান্তের ফলে বাংলাদেশি পর্যটকদের ভিজিট ভিসায় এক বছরের মাল্টিপল এন্ট্রি ভিসা পাওয়ার সুযোগ আর আগের মতো থাকছে না। সাধারণভাবে বাংলাদেশি পর্যটকদের জন্য সিঙ্গেল এন্ট্রি ভিসাই প্রযোজ্য হবে।

মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগের এক ঘোষণায় বলা হয়েছে, ১ সেপ্টেম্বর ২০২৬ থেকে সব দেশের নাগরিকদের জন্য ঢালাওভাবে মাল্টিপল এন্ট্রি ভিসা দেওয়া হবে না। বাংলাদেশসহ দক্ষিণ এশিয়া ও আফ্রিকার ৩১টি দেশের নাগরিকদের এই সুবিধার আওতার বাইরে রাখা হয়েছে। এ বিষয়ে দেশগুলোর তালিকাও প্রকাশ করেছে মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ।

তবে নির্দিষ্ট কিছু ভ্রমণ উদ্দেশ্যে মাল্টিপল এন্ট্রি ভিসার সুযোগ থাকছে। এর মধ্যে রয়েছে ব্যবসায়িক ভ্রমণ, চিকিৎসা, ‘ফ্লাই অ্যান্ড ক্রুজ’ এবং ওয়েডিং ট্যুরিজম।

নতুন নীতিটি মূলত ভিজিট ভিসা বা সামাজিক ভ্রমণের ক্ষেত্রে প্রযোজ্য। ফলে মালয়েশিয়ায় কর্মরত বাংলাদেশি বা অন্যান্য বিদেশি নাগরিকদের ওয়ার্ক পারমিট কিংবা কর্মসংক্রান্ত ভিসার ওপর এর সরাসরি কোনো প্রভাব পড়বে না।

মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগের ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ভ্রমণের উদ্দেশ্য ও প্রয়োজন অনুযায়ী নির্দিষ্ট শ্রেণির আবেদনকারীদের জন্য মাল্টিপল এন্ট্রি ভিসা দেওয়ার ব্যবস্থা বহাল থাকবে।

নতুন এই সিদ্ধান্তের ফলে বাংলাদেশি পর্যটকদের মালয়েশিয়া ভ্রমণের ক্ষেত্রে ভিসা ব্যবস্থায় পরিবর্তন আসছে। বিশেষ করে নিয়মিত বা একাধিকবার মালয়েশিয়া ভ্রমণ করতে চান—এমন পর্যটকদের জন্য সিঙ্গেল এন্ট্রি ভিসার নতুন নিয়মটি গুরুত্বপূর্ণ হয়ে উঠবে।

আরও পড়ুন