সৌদি আরবে অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশির মৃত্যু, বেশিরভাগই নওগাঁর আত্রাইয়ের
পরিবারের সদস্যদের বরাত দিয়ে আত্রাই উপজেলা প্রশাসন জানিয়েছে, উপজেলার বিভিন্ন গ্রাম থেকে সৌদি আরবে গিয়ে রিয়াদ শহরের ওই সোফা কারখানায় কাজ করছিলেন তাঁরা...
ডেইলি সান রিপোর্ট
প্রকাশ: ০৯ আগস্ট ২০২৬, ১১:৪০ পিএম
সৌদি আরবের রিয়াদে সোফা তৈরির কারখানায় অগ্নিকাণ্ডে নিহত হয়েছেন ১৬ বাংলাদেশি, যাদের বেশিরভাগই নওগাঁর আত্রাই উপজেলার বাসিন্দা।
সৌদি আরবের রিয়াদের শিফা থানাধীন মুসা মানফুয়া শিল্প এলাকায় একটি সোফা তৈরির কারখানায় অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশি নিহত হয়েছেন। তাঁদের বাড়ি নওগাঁ ও নাটোর জেলায়।
গতকাল রবিবার রাত দেড়টার দিকে স্থানীয়দের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে রিয়াদে বাংলাদেশ দূতাবাস।
নিহতদের মধ্যে নওগাঁর আত্রাই উপজেলার ১০ জনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। তাঁরা হলেন—আত্রাই উপজেলার বিশা ইউনিয়নের বিশা গ্রামের সাগর (৩১) ও একই গ্রামের মজিদুল (৩৪), উদনপৈ গ্রামের ফরিদ শেখ (৩২), ডুবাই গ্রামের সুমন (৩৫) ও হাসিবুল হাসান (২৭), কালিকাপুর ইউনিয়নের গণ্ডগোহালি গ্রামের মহুন প্রামাণিক (৪২), সুমন প্রামাণিক, রুবেল হোসেন (৩০), কলি প্রামাণিক (৩৫) এবং পারকাসুন্দা গ্রামের আবদুল জলিল (৩৮)।
রিয়াদে বাংলাদেশ দূতাবাসের কাউন্সিলর (লেবার অ্যান্ড ওয়েলফেয়ার) মুহাম্মদ রেজা-ই-রাব্বি জানান, দুপুর ২টার দিকে সোফা তৈরির কারখানায় ভয়াবহ আগুন লাগে। এ ঘটনায় ১৬ জন মারা যাওয়ার খবর নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা। প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, নিহতরা সবাই বাংলাদেশি। এ ঘটনায় গভীর শোক জানিয়েছে রিয়াদে বাংলাদেশ দূতাবাস।
পরিবারের সদস্যদের বরাত দিয়ে আত্রাই উপজেলা প্রশাসন জানিয়েছে, উপজেলার বিভিন্ন গ্রাম থেকে সৌদি আরবে গিয়ে রিয়াদ শহরের ওই সোফা কারখানায় কাজ করছিলেন তাঁরা। রবিবার দুপুরে কারখানায় আগুন লাগে। নিহতদের মধ্যে আত্রাই উপজেলার প্রবাসী রয়েছেন মোট ১১ জন।
প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ের শোক
এর আগে সৌদি আরবে সোফা কারখানায় অগ্নিকাণ্ডে বাংলাদেশিদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। এক শোকবার্তায় মন্ত্রী বলেন, সৌদি আরবে কর্মরত এই প্রবাসীদের এমন মৃত্যু অত্যন্ত হৃদয়বিদারক। দেশের অর্থনীতিতে তাঁদের অবদান অপরিসীম। তিনি এই আকস্মিক মৃত্যুতে গভীরভাবে শোকাহত বলে জানান এবং নিহতদের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।
প্রবাসীকল্যাণ মন্ত্রী আরও জানান, সৌদি আরবে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে দুর্ঘটনাস্থল ও স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখা হচ্ছে। নিহত প্রবাসীদের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনা হবে এবং তাঁদের পরিবারের জন্য প্রয়োজনীয় সব ধরনের সরকারি সহায়তা ও ক্ষতিপূরণ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে।