কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ প্রবাসী বাংলাদেশি নিহত
ডেইলি সান রিপোর্ট, সিলেট
প্রকাশ: ২১ জুন ২০২৬, ০৩:৪৯ পিএম
ছবি: সংগৃহীত
কাতারে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় পাঁচ প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন। দুর্ঘটনায় ভারতীয় নাগরিক এক গাড়িচালকও নিহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।
স্থানীয় সময় শনিবার (২০ জুন) সকালে দেশটির শাহানিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা সবাই সিলেটের কানাইঘাট উপজেলার গাছবাড়ি ইউনিয়নের বাসিন্দা। তারা হলেন—আমরপুর গ্রামের জিবাল আহমদ, মাঝতালুক গ্রামের মস্তাক আহমদ ও জুবায়ের আহমদ, নিজ গাছবাড়ি গ্রামের আব্দুল কাদির এবং আগতালুক গ্রামের জসিম উদ্দিন।
স্থানীয় সূত্রে জানা গেছে, দুর্ঘটনাকবলিত গাড়িটির চালক ছিলেন একজন ভারতীয় নাগরিক। দুর্ঘটনায় তিনিও নিহত হয়েছেন।
দুর্ঘটনার বিস্তারিত কারণ ও হতাহতের বিষয়ে আনুষ্ঠানিকভাবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি। নিহতদের মরদেহ দেশে আনার প্রক্রিয়া এবং প্রয়োজনীয় আইনি কার্যক্রম নিয়ে বাংলাদেশ দূতাবাস ও স্থানীয় প্রশাসনের সঙ্গে স্বজনদের যোগাযোগ চলছে বলে জানা গেছে।
এই মর্মান্তিক ঘটনায় নিহতদের পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন সামাজিক ও প্রবাসী সংগঠনের পক্ষ থেকে গভীর শোক ও সমবেদনা জানানো হয়েছে।
নিহতদের আত্মার মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসী।