খালেদা জিয়ার মৃত্যুতে স্টুটগার্ট প্রবাসী বাংলাদেশিদের শোক
তিনি বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী এবং দক্ষিণ এশিয়ার অন্যতম প্রভাবশালী নারী নেত্রী হিসেবে ইতিহাসে স্মরণীয় হয়ে আছেন
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ৩১ ডিসেম্বর ২০২৫, ০৩:৪৪ এএম
ছবি: সংগৃহীত
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে জার্মানির স্টুটগার্টে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা গভীর শোক প্রকাশ করেছেন।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) এক শোকবার্তায় স্টুটগার্ট প্রবাসীরা বলেন, আমরা জার্মানির স্টুটগার্টে বসবাসরত প্রবাসী বাংলাদেশীরা গভীর শোক ও দুঃখের সঙ্গে জানাচ্ছি যে, দীর্ঘদিন অসুস্থ থাকার পর মঙ্গলবার সকাল ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে বেগম খালেদা জিয়া ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তারা শোকবার্তায় আরও বলেন, ৯০ এর গণঅভ্যুত্থানে আপসহীন ভূমিকা পালনের জন্য, গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলন, সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠা এবং বহুদলীয় রাজনীতিতে তার ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী এবং দক্ষিণ এশিয়ার অন্যতম প্রভাবশালী নারী নেত্রী হিসেবে ইতিহাসে স্মরণীয় হয়ে আছেন।
তারা মরহুমার আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার, দলীয় নেতাকর্মী ও দেশবাসীর প্রতি গভীর সমবেদনা জানান।