EN ☀️
×

Follow Us

আন্তর্জাতিক

গাজায় ১২ তলা ভবন গুঁড়িয়ে দিল ইসরাইলি বাহিনী

প্রথমে সতর্কতামূলক আঘাত করা হয়। পরে একটি এফ-১৬ যুদ্ধবিমান আঘাত হানে। এ হামলায় ভবনটি সম্পূর্ণ ধসে পড়ে।

ডেইলি সান রিপোর্ট, আন্তর্জাতিক

প্রকাশ: ০৫ সেপ্টেম্বর ২০২৫, ০৯:২২ পিএম

গাজায় ১২ তলা ভবন গুঁড়িয়ে দিল ইসরাইলি বাহিনী
অ অ

ইসরাইলি বাহিনী গাজার রাজধানী দখলের অভিযান আরও জোরদার করেছে। এর অংশ হিসেবে শুক্রবার (৫ সেপ্টেম্বর) গাজা সিটির একটি ১২ তলা টাওয়ার গুঁড়িয়ে দেওয়া হয়েছে। তারা জানিয়েছে, ভবনটি হামাসের ঘাঁটি হিসেবে ব্যবহৃত হচ্ছিল।

শুক্রবার সকালে ইসরাইলি সেনারা পশ্চিম গাজার মুশতাহা টাওয়ারটি খালি করার নির্দেশ দেয়। এরপর দুদফা বিমান হামলা চালানো হয়। প্রথমে সতর্কতামূলক আঘাত করা হয়। পরে একটি এফ-১৬ যুদ্ধবিমান আঘাত হানে। এ হামলায় ভবনটি সম্পূর্ণ ধসে পড়ে।

এটি ছিল গাজায় অন্যতম উঁচু ভবন। এর চারপাশে শত শত বাস্তুচ্যুত মানুষের তাঁবু ছিল বলে জানিয়েছেন আল জাজিরার সাংবাদিক হিন্দ খুদারি।

ভবনের কর্তৃপক্ষ আল জাজিরাকে জানায়, ইসরাইলের দাবি মিথ্যা। এখানে কোনো হামাস যোদ্ধা অবস্থান করছিল না, ভবনটি কেবল বাস্তুচ্যুত মানুষদের জন্য উন্মুক্ত ছিল।

আল জাজিরার আরেক প্রতিবেদক তারেক আবু আজযুম জানান, হামলায় বেশ কয়েকজন সাধারণ মানুষ আহত হয়ে আল-শিফা হাসপাতালে ভর্তি হয়েছেন। ইসরাইলের হামলায় আশপাশের বহু অস্থায়ী তাঁবু ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি এটিকে ইসরাইলের সামরিক অভিযানের এক নতুন ধাপ হিসেবে উল্লেখ করেন।

২০২৩ সালের অক্টোবরে যুদ্ধ শুরুর পর থেকে এখন পর্যন্ত গাজায় অন্তত ৬৪ হাজার ৩০০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১ লাখ ৬১ হাজার ৫৮৩ জন। ধ্বংসস্তূপের নিচে এখনও বহু মানুষ আটকা পড়ে আছেন বলে আশঙ্কা করা হচ্ছে।

আরও পড়ুন