১০ লাখ ফিলিস্তিনিকে লিবিয়ায় পুনর্বাসনের পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র
ফিলিস্তিনিদের পুনর্বাসনের বিনিময়ে লিবিয়াকে কয়েক বিলিয়ন ডলার তহবিল দেওয়ার প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্র।
ডেইলি সান রিপোর্ট, আন্তর্জাতিক
প্রকাশ: ১৭ মে ২০২৫, ০৩:২৯ পিএম
ছবি: সংগৃহীত
অবরুদ্ধ গাজা উপত্যকা থেকে ১০ লাখ ফিলিস্তিনিকে যুদ্ধবিধ্বস্ত লিবিয়ায় স্থায়ীভাবে স্থানান্তরের একটি পরিকল্পনা বিবেচনা করছে যুক্তরাষ্ট্র। এ বিষয়ে আগেই উদ্যোগ নিয়েছে ট্রাম্প প্রশাসন। পরিকল্পনার অগ্রগতির তথ্য ইসরায়েলকেও জানানো হচ্ছে।
শনিবার (১৭ মে) এনবিসি নিউজের এক প্রতিবেদনে এমনটি জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, এই পরিকল্পনাকে অত্যন্ত গুরুত্বসহকারে পর্যালোচনা করছে যুক্তরাষ্ট্র। এ নিয়ে লিবিয়া সরকারের সঙ্গেও আলোচনা করেছে ওয়াশিংটন, যদিও এখনো কোনো চূড়ান্ত চুক্তি হয়নি।
এনবিসি নিউজ জানিয়েছে, ফিলিস্তিনিদের পুনর্বাসনের বিনিময়ে লিবিয়াকে কয়েক বিলিয়ন ডলার তহবিল দেওয়ার প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্র, যা এক দশকের বেশি সময় আগে জব্দ করা হয়েছিল। পরিকল্পনার সঙ্গে যুক্ত তিনটি সূত্র জানায়, ইসরায়েলকে পুরো বিষয়টিতে নিয়মিত অবহিত রাখা হচ্ছে। গাজা থেকে ফিলিস্তিনিদের সরিয়ে লিবিয়ায় নিতে তাদের জন্য বিনামূল্যে আবাসন ও আর্থিক প্রণোদনার বিষয়েও আলোচনা চলছে।
এনবিসির দাবি, লিবিয়া সরকারের সঙ্গে আলোচনার বিষয়টি দৃঢ়ভাবে প্রমাণিত হয়েছে। তবে ইসরায়েল, লিবিয়া বা যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। মার্কিন পররাষ্ট্র দপ্তর ও জাতীয় নিরাপত্তা পরিষদও এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি।
অন্যদিকে হামাসের জ্যেষ্ঠ নেতা বাসেম নাইম এই খবরকে “গুজব” বলে উড়িয়ে দিয়েছেন। তিনি বলেন, এ ধরনের পরিকল্পনা সম্পর্কে তাদের কিছু জানা নেই এবং যদি এটি সত্য হয়, তবে তিনি এর তীব্র নিন্দা জানান।
বাসেম নাইম বলেন, ফিলিস্তিনিরা তাদের মাতৃভূমির প্রতি অঙ্গীকারবদ্ধ এবং নিজেদের ভবিষ্যৎ রক্ষায় তারা যেকোনো ত্যাগ স্বীকারে প্রস্তুত। কোথায় থাকবেন, কী করবেন—এই সিদ্ধান্ত নেওয়ার অধিকার একমাত্র ফিলিস্তিনিদেরই।
তবে মার্কিন প্রশাসনের এক কর্মকর্তার মতে, গৃহযুদ্ধ-বিধ্বস্ত লিবিয়ার বাস্তবতা এই পরিকল্পনার বাস্তবায়নে বড় বাধা। ২০১১ সালে মুয়াম্মার গাদ্দাফির পতনের পর থেকেই দেশটি গভীর সংকট ও বিভক্তির মধ্য দিয়ে চলছে, যা এ ধরনের পুনর্বাসন পরিকল্পনার জন্য অনুপযুক্ত পরিবেশ সৃষ্টি করেছে।