EN ☀️
×

Follow Us

রাজনীতি

দেশবিরোধী যেকোনো ষড়যন্ত্র মোকাবিলায় প্রস্তুত থাকতে হবে: বিরোধীদলীয় নেতা

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৬, ০৩:৩২ এএম

দেশবিরোধী যেকোনো ষড়যন্ত্র মোকাবিলায় প্রস্তুত থাকতে হবে: বিরোধীদলীয় নেতা

ছবি: সংগৃহীত

অ অ

দেশের সামগ্রিক পরিস্থিতি কঠিন হয়ে পড়েছে উল্লেখ করে বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আমরা ভীত নই। কোনো হঠকারী কাজ করব না, তবে অন্যায়কেও প্রশ্রয় দেব না। কারও ওপর জুলুম করব না, কেউ জুলুম করলে তার উপযুক্ত জবাব দেব।

তিনি বলেন, আমরা সব সময় মধ্যমপন্থা অবলম্বন করব। উগ্র কিংবা অধমপন্থার দিকে যাব না। আমাদের দুর্ভাগ্য হলো, বর্তমান সরকারে থাকা ব্যক্তিরা জাতিকে আস্থায় আনতে পারছেন না। জনগণ তাদের ওপর আস্থা রাখতে পারছে না।

শনিবার (২৮ নভেম্বর) সন্ধ্যায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শূরার দিনব্যাপী অধিবেশনের সমাপনী বক্তব্যে তিনি এসব কথা বলেন। সকাল ৯টায় শুরু হওয়া অধিবেশনটি সন্ধ্যা ৭টায় শেষ হয়।

ডা. শফিকুর রহমান বলেন, জামায়াত দলীয় সামর্থ্য ও নিজস্ব অবস্থান থেকে স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণ করবে। নির্বাচনে চব্বিশের জুলাই আন্দোলনে অবদান রাখা ব্যক্তি, ব্যবসায়ীসহ সব শ্রেণি-পেশার মানুষের সঙ্গে দায়িত্বশীলদের যোগাযোগ বাড়াতে হবে।

তিনি বলেন, সমাজের অতি সাধারণ মানুষ জামায়াতের আহ্বানে সাড়া দিয়েছেন এবং বিগত নির্বাচনে ভোট দিয়েছেন। এতে আমাদের চ্যালেঞ্জ বাড়লেও মানুষের প্রত্যাশা পূরণে জামায়াতে ইসলামী অঙ্গীকারবদ্ধ। দেশ ও জাতিকে বঞ্চিত করার যেকোনো ষড়যন্ত্র মোকাবিলায় সবাইকে প্রস্তুত থাকতে হবে।

জামায়াত আমির বলেন, কেন্দ্রীয় মজলিশে শূরা গোটা বাংলাদেশের সংগঠনের প্রতিনিধিত্ব করে। বহুমুখী চ্যালেঞ্জের মধ্য দিয়ে দেশ ও জাতির স্বার্থে কাজ করতে হয়। এ অবস্থায় জনগণের প্রত্যাশা পূরণ করা আরও কঠিন। তারপরও সংগঠন চ্যালেঞ্জ মোকাবিলা করে কাজ করে যাচ্ছে। এ জন্য দায়িত্বশীল ও জনশক্তিকে জ্ঞানচর্চার মাধ্যমে জ্ঞানের গভীরতা বাড়াতে হবে।

তিনি বলেন, দায়িত্বশীল ও জনশক্তিকে আল্লাহ ও রাসুলের পরিপূর্ণ আনুগত্য করতে হবে। সংগঠনের সব কাজ আল্লাহর সন্তুষ্টির জন্য করতে হবে, অন্য কোনো উদ্দেশ্যে নয়। এ জন্য সংগঠন ও দায়িত্বশীলদের রিয়া কিংবা প্রদর্শনেচ্ছা থেকে মুক্ত রাখতে হবে। কারণ, এটি অত্যন্ত বিপজ্জনক।

ডা. শফিকুর রহমান বলেন, বর্তমান সমাজ অশিক্ষা, কুশিক্ষা ও মাদকে সয়লাব হয়ে গেছে। নিজেদের সন্তানদের এসবের ভয়ানক থাবা থেকে রক্ষা করতে তাদের প্রতি যত্নশীল হতে হবে। তাদের অধিকার যথাযথভাবে আদায় করতে হবে এবং আল্লাহর সাহায্য ও রহমত কামনা করতে হবে।

বিরোধীদলীয় নেতা বলেন, জাতীয় ঐক্যের প্রশ্নে জামায়াত নীতিগতভাবে ঐক্যের পক্ষে। তবে সেই ঐক্য হতে হবে জাতির স্বার্থে। দলীয় অবস্থান থেকে জনগণের ভালোবাসা ও সমর্থন নিয়ে সর্বোচ্চটা করার চেষ্টা করবে জামায়াতে ইসলামী।

তিনি আরও বলেন, দায়িত্বশীল হিসেবে প্রত্যেককে বিনয়ী হতে হবে। সব ক্ষেত্রে ঔদ্ধত্যপূর্ণ আচরণ পরিহার করে মানুষের সঙ্গে উত্তম ব্যবহার করতে হবে, এমনকি শত্রুর সঙ্গেও। লেনদেনের বিষয়ে সংগঠনের সব পর্যায়ের জনশক্তিকে সতর্ক থাকতে হবে। কারণ, লেনদেন মানুষের চরিত্রের গুরুত্বপূর্ণ একটি দিক। এ বিষয়টি হালকাভাবে নেওয়ার সুযোগ নেই।

দেশকে নিয়ে, বিশেষ করে জামায়াতের আদর্শ ও ঈমান নিয়ে অভ্যন্তরীণ, আঞ্চলিক ও আন্তর্জাতিক পর্যায়ে নানা ষড়যন্ত্র চলছে উল্লেখ করে তিনি বলেন, এ বিষয়ে দায়িত্বশীলদের সতর্ক দৃষ্টি রাখতে হবে এবং প্রয়োজনীয় ভূমিকা পালন করতে হবে। জনগণ জামায়াতকে ভালোবাসে দলটির আদর্শ ও কর্মের কারণে—এ বিষয়টি সবাইকে মনে রাখতে হবে।

দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের সঞ্চালনায় অধিবেশনে উপস্থিত ছিলেন নায়েবে আমির, সহকারী সেক্রেটারি জেনারেল, কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য এবং কেন্দ্রীয় কর্মপরিষদ ও মজলিশে শূরার পুরুষ ও মহিলা সদস্যরা।

আরও পড়ুন