কারাগারেই প্রতিবন্ধী সন্তানকে শেষ বিদায় যুব মহিলা লীগ নেত্রীর
সন্তানের মৃত্যুর খবর পেয়ে প্যারোলে মুক্তির মাধ্যমে ছেলের শেষকৃত্যে অংশ নেওয়ার ইচ্ছা থাকলেও সাপ্তাহিক ছুটির কারণে তা সম্ভব হয়নি
ডেইলি সান রিপোর্ট, গাজীপুর
প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৬, ০৪:১৩ পিএম
গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে বন্দি যুব মহিলা লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শারমিন সুলতানা শর্মির প্রতিবন্ধী ছেলে তূর্য মারা গেছে। সন্তানের মৃত্যুর খবর পেয়ে প্যারোলে মুক্তির মাধ্যমে ছেলের শেষকৃত্যে অংশ নেওয়ার ইচ্ছা থাকলেও সাপ্তাহিক ছুটির কারণে তা সম্ভব হয়নি। পরে মাকে শেষবারের মতো সন্তানকে দেখাতে ফ্রিজিং ভ্যানে করে মরদেহ কারাগারে নিয়ে যান স্বজনরা। কারাগারের ভেতরেই ছেলেকে শেষবারের মতো দেখেন শারমিন।
শনিবার (২৮ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে একটি লাশবাহী ফ্রিজিং ভ্যানে তূর্যের মরদেহ নিয়ে যান পরিবারের সদস্যরা। পরে নিয়ম অনুযায়ী কারাগারের ভেতরে শারমিন সুলতানাকে তার ছেলের মরদেহ দেখানোর ব্যবস্থা করা হয়। দুপুর সাড়ে ১২টার দিকে মরদেহবাহী ভ্যানটি কারাগার থেকে বের হয়ে যায়।
কারাবন্দি শারমিন সুলতানা শর্মি (৪৪) ঢাকার লালবাগ থানার সাহেব বাজার এলাকার বাসিন্দা শাহাদাত হোসেন নিপুনের স্ত্রী। তিনি ইডেন কলেজ শাখার সাবেক সাংগঠনিক সম্পাদক ও যুব মহিলা লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ছিলেন।
শারমিনের স্বামী শাহাদাত হোসেন নিপুন বলেন, গত ৪ অক্টোবর গভীর রাতে লালবাগ থানা পুলিশ তাদের বাসায় অভিযান চালিয়ে শারমিনকে আটক করে থানায় নিয়ে যায়। পরে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দিয়ে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়।
তিনি বলেন, তাদের সংসারে এক ছেলে ও এক মেয়ে। ছেলে তূর্য জন্ম থেকেই প্রতিবন্ধী। জন্মের পর থেকে মায়ের হাতেই তার খাওয়াদাওয়াসহ সবকিছু হতো। শারমিন গ্রেপ্তার হওয়ার পর থেকে সে মানসিকভাবে ভেঙে পড়ে। ঠিকমতো খাওয়াদাওয়া ও ওষুধ না খাওয়ায় অসুস্থ হয়ে পড়ে। মায়ের অপেক্ষায় থাকতে থাকতেই শেষ পর্যন্ত মারা যায় সে।
শাহাদাত হোসেন আরও অভিযোগ করেন, আটকের আগে শারমিনের নামে কোনো মামলা ছিল না। ষড়যন্ত্র করে তাকে আটকের পর সন্ত্রাসবিরোধী মামলায় জড়ানো হয়েছে। বাধ্য হয়েই স্ত্রীকে শেষবারের মতো সন্তানকে দেখাতে কারাগারে মরদেহ নিয়ে এসেছেন তারা।
কারাগার থেকে বের হয়ে শারমিনের ছোট বোন শাম্মী বলেন, তার বোন ২০২২ সাল থেকে রাজনীতির সঙ্গে যুক্ত নন। তাকে মিথ্যা অভিযোগের মামলায় ফাঁসানো হয়েছে। তার বোন একজন মুক্তিযোদ্ধার সন্তান। রাষ্ট্র তার বোনকে জামিন দেয়নি। বোনের অনুপস্থিতিতে তার সন্তান মারা গেছে। মাত্র পাঁচ মিনিটের জন্য বোনকে সন্তানের মরদেহ শেষবারের মতো দেখার সুযোগ দেওয়া হয়েছে।
এ বিষয়ে গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মো. নজরুল ইসলাম বলেন, বন্দি শারমিন সুলতানা শর্মির ছেলের মরদেহ শনিবার বেলা সাড়ে ১১টার দিকে ফ্রিজিং ভ্যানে করে কারাগারে আনা হয়। এ সময় পরিবারের সদস্যরাও সঙ্গে ছিলেন। পরে কারাবিধি অনুযায়ী তাকে ছেলের মরদেহ দেখার সুযোগ দেওয়া হয়েছে।