EN ☀️
×

Follow Us

রাজনীতি

গোপালগঞ্জে বাস থামিয়ে ছাত্রদল নেতাকে তুলে নিল আ. লীগ নেতাকর্মীরা!

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৬, ১২:৩৬ পিএম

গোপালগঞ্জে বাস থামিয়ে ছাত্রদল নেতাকে তুলে নিল আ. লীগ নেতাকর্মীরা!

ছবি: সংগৃহীত

অ অ

ঢাকা থেকে গ্রামের বাড়ি ফেরার পথে গোপালগঞ্জের মুকসুদপুরে বাস থামিয়ে ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের এক নেতাকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে। ওই নেতাকে আটকে রেখে নির্যাতন ও পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয় বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী। এ ছাড়া জোরপূর্বক বিএনপি ও ছাত্রদলবিরোধী বক্তব্য দিতে বাধ্য করে তা ফেসবুকে প্রচার করা হয়েছে বলেও দাবি তার।

পরে কৌশলে পালিয়ে পিরোজপুরে পৌঁছালে তাকে উদ্ধার করে জেলা হাসপাতালে ভর্তি করা হয়।

আহত ছাত্রদল নেতা মোহাম্মদ সাব্বির খান ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহসাধারণ সম্পাদক। তিনি ঝালকাঠির রাজাপুর উপজেলার মৃত মো. আলকাস খানের ছেলে।

সাব্বিরের অভিযোগ, বৃহস্পতিবার রাত ৮টার দিকে গোপালগঞ্জের মুকসুদপুরে পুলিশ লাইন ও ব্যাতগ্রাম এলাকার মাঝামাঝি স্থানে ইমাদ পরিবহনের একটি বাস থামিয়ে তাকে নামানো হয়। এর আগে বিকেল ৫টার দিকে ঢাকার নর্দা থেকে রাজাপুরের উদ্দেশে বাসে ওঠেন তিনি।

তিনি জানান, বাসে পাশের আসনে বসা এক ব্যক্তির সঙ্গে কথোপকথনের একপর্যায়ে নিজেকে বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত বলে পরিচয় দেন। পরে ওই ব্যক্তি বাসের পেছনে গিয়ে মুঠোফোনে কারও সঙ্গে কথা বলেন। কিছুক্ষণ পর বাস থামিয়ে আওয়ামী লীগের নেতাকর্মী পরিচয়ে কয়েকজন তাকে নামিয়ে নিয়ে যান।

সাব্বিরের দাবি, প্রায় ২০ জনের একটি দল অস্ত্রের মুখে জিম্মি করে তাকে মারধর করে এবং পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। একপর্যায়ে নিজের ফেসবুক আইডি থেকে বিএনপি ও ছাত্রদলকে নিয়ে গালিগালাজমূলক বক্তব্য দিতে বাধ্য করা হয় তাকে। সেই বক্তব্যের ভিডিও ধারণ করে তার অ্যাকাউন্ট থেকেই প্রকাশ করা হয়।

পরে সেখান থেকে পালিয়ে অন্য একটি বাসে রাত সাড়ে ১২টার দিকে পিরোজপুরে পৌঁছান সাব্বির। পিরোজপুর জেলা ছাত্রদলের নেতারা শহরের সি অফিস চত্বর থেকে তাকে উদ্ধার করে জেলা হাসপাতালে নিয়ে যান।

পিরোজপুর জেলা ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন তালুকদার কুমার জানান, সাব্বিরকে তুলে নিয়ে নির্যাতন, মুক্তিপণ দাবি ও জোরপূর্বক বক্তব্য প্রচারের ঘটনায় তারা ক্ষুব্ধ। কেন্দ্রীয় নির্দেশনা পেলে হাজারো নেতাকর্মী নিয়ে গোপালগঞ্জে যাওয়ার কথাও জানান তিনি।

এদিকে কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদক ভিডিও কলে সাব্বিরের খোঁজখবর নিয়েছেন। তার চিকিৎসার ব্যবস্থা নিশ্চিত করা এবং অভিযুক্তদের প্রতিহত করতে জেলা ছাত্রদলের নেতাদের প্রস্তুত থাকার নির্দেশনা দিয়েছেন বলে জানানো হয়েছে।

পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম বলেন, হাসপাতালে পুলিশ পাঠিয়ে সাব্বিরের কাছ থেকে ঘটনার বিবরণ শোনা হয়েছে। এ ঘটনায় এখনো থানায় লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন