সিলেটে হোটেল থেকে বদির ছেলেসহ চারজন আটক
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৬, ০৮:২৩ এএম
ছবি: সংগৃহীত
সিলেটে আবাসিক হোটেলে অভিযান চালিয়ে কক্সবাজারের সাবেক সংসদ সদস্য আব্দুর রহমান বদির ছেলে শাওন আরমান, তার দুই ভাই আমিনুর রাহমান ও আব্দুস শুক্কুরসহ চারজনকে আটক করেছে পুলিশ। আটক অন্যজন হলেন বদির সহযোগী ও টেকনাফ পৌরসভার কাউন্সিলর মোহাম্মদ হোসেন।
বুধবার (২৫ নভেম্বর) ভোরে নগরীর জল্লারপাড় এলাকার গ্র্যান্ড প্যালেস হোটেল থেকে তাঁদের আটক করা হয়। পরে তাদের কক্সবাজার পুলিশের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছে সিলেট মহানগর পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার দিবাগত রাত ১২টার দিকে গ্র্যান্ড প্যালেস হোটেলটি ঘিরে ফেলে পুলিশ। আটক ব্যক্তিদের পরিচয় নিশ্চিত করতে প্রায় পাঁচ ঘণ্টা সময় লাগে। পরে ভোর ৫টার দিকে তাঁদের আটক করে কোতোয়ালি থানায় নিয়ে যাওয়া হয়।
হোটেল কর্তৃপক্ষের দেওয়া তথ্য অনুযায়ী, মঙ্গলবার সকালে নারী, পুরুষ ও শিশুসহ ১৬ জনের একটি দল হোটেলটিতে ওঠেন।
অভিযান শেষে সিলেট মহানগর পুলিশের উপকমিশনার (উত্তর) সাইফুল ইসলাম জানান, হোটেলটিতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কয়েকজন নেতা-কর্মী অবস্থান করছেন বলে পুলিশের কাছে গোপন তথ্য ছিল। ওই তথ্যের ভিত্তিতে রাত ১২টা থেকে হোটেলটি ঘিরে রাখা হয়। পরে পুরো হোটেলে তল্লাশি চালিয়ে চারজনের পরিচয় নিশ্চিত হওয়ার পর তাঁদের আটক করা হয়।
তিনি আরও জানান, আটক ব্যক্তিদের কক্সবাজার পুলিশের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
তবে তাঁরা কী কারণে সিলেটে অবস্থান করছিলেন এবং কোন মামলায় তাঁদের আটক করা হয়েছে, সে বিষয়ে পুলিশের পক্ষ থেকে বিস্তারিত কিছু জানানো হয়নি।