হাসিনার উচিত আইনের কাছে আত্মসমর্পণ করা: রিজভী
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৬, ০২:৩৭ পিএম
বাংলাদেশের আদালতে দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনার উচিত ছিল আইনের কাছে আত্মসমর্পণ করা এবং আইনগত প্রক্রিয়ার মধ্য দিয়ে নিজের বক্তব্য তুলে ধরা বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
মঙ্গলবার (২৪ নভেম্বর) রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে মুক্তিযোদ্ধা দল ও মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের আয়োজিত বিক্ষোভ মিছিলের আগে তিনি এসব কথা বলেন।
রিজভী বলেন, বাংলাদেশের আদালতে দণ্ডপ্রাপ্ত হওয়ার পরও শেখ হাসিনা কীভাবে রাষ্ট্রীয় বিমানে দেশে ফেরার কথা বলেন? আইনের প্রতি শ্রদ্ধা থাকলে তাঁর উচিত ছিল আইনের কাছে আত্মসমর্পণ করা এবং আইনগত প্রক্রিয়ার মধ্য দিয়ে নিজের বক্তব্য তুলে ধরা।
তিনি বলেন, পেট্রাপোল সীমান্তে আওয়ামী লীগের চার নেতা ইমিগ্রেশন কর্মকর্তাদের সঙ্গে দুই ঘণ্টা বৈঠক করেছেন কীভাবে? এর পেছনে দিল্লির কোনো ইন্ধন ছিল কি না, সেই প্রশ্নও তোলেন তিনি। কোথাও ভয়ংকর নীলনকশা চলছে বলেও মন্তব্য করেন বিএনপির এই নেতা।
রিজভী বলেন, যারা জনগণকে হত্যা করতে পারে, তারা জনগণের বন্ধু হতে পারে না। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা ন্যায়সংগত।
দেশে নাশকতার প্রসঙ্গ তুলে রিজভী অভিযোগ করেন, দেশের বাইরে থেকে বিকাশের মাধ্যমে টাকা পাঠিয়ে টোকাই ও কিশোর গ্যাংয়ের সদস্যদের আগুন দিতে বলা হচ্ছে। বিএনপির তিনজন খুন হয়েছেন উল্লেখ করে তিনি এসব হত্যাকাণ্ডের জন্য পলাতক আওয়ামী লীগ নেতাদের দায়ী করেন।
শেখ হাসিনার দেশে ফেরার প্রসঙ্গে তিনি আরও বলেন, ‘শেখ হাসিনা বাংলাদেশের রাষ্ট্রীয় বিমান চান ফেরার জন্য। তাঁর পেছনে শক্তি জোগাচ্ছে কে? কার ইচ্ছায়, কার জোরে তিনি বিমান চাইলেন? সত্যিকারের আইনের প্রতি সম্মান থাকলে তিনি দেশে এসে আইনি প্রক্রিয়ায় লড়তেন।’
রিজভী বলেন, বাংলার মাটি অত্যাচার সহ্য করে না। কোনো স্বৈরশাসককে আশ্রয় দেওয়া হবে না। বাংলাদেশের মানুষ যেমন শান্ত, তেমনি পদ্মার ঢেউয়ের মতো প্রবলও হতে পারে। কেউ দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের ওপর আঘাত হানলে তার জবাব দেওয়া হবে। কেউ স্বাধীনতা-সার্বভৌমত্ব ছিনিয়ে নিতে পারবে না।
শেখ হাসিনাকে স্বাধীনতা ও সার্বভৌমত্ব বিক্রির প্রতীক বলেও মন্তব্য করেন বিএনপির এই নেতা।