নারী নির্যাতন প্রতিরোধে জিরো টলারেন্স নীতি গ্রহণের আহ্বান গোলাম পরওয়ারের
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৬, ০১:৪৮ পিএম
নারী নির্যাতন প্রতিরোধে সরকার, দায়িত্বশীল ব্যক্তি ও দেশবাসীকে জিরো টলারেন্স নীতি গ্রহণের আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার।
আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস উপলক্ষে মঙ্গলবার (২৪ নভেম্বর) দেওয়া এক বিবৃতিতে তিনি এ আহ্বান জানান।
বিবৃতিতে মিয়া গোলাম পরওয়ার বলেন, সামাজিক, অর্থনৈতিক ও রাষ্ট্রীয় পর্যায়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের মাধ্যমে নারীরা জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে অবদান রাখছেন। তাঁদের অবদানের যথাযথ মূল্যায়ন করা সময়ের দাবি। তবে বিভিন্ন ক্ষেত্রে নারীরা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে নির্যাতনের শিকার হচ্ছেন, যা উদ্বেগজনক।
তিনি বলেন, নারীদের মৌলিক মানবাধিকার ও আত্মমর্যাদা নিয়ে বসবাসের পরিবেশ নিশ্চিত করতে হবে। এ জন্য পরিবার, সমাজ, সরকার ও দায়িত্বশীল ব্যক্তিদের সব ধরনের নির্যাতন ও নিপীড়ন বন্ধে এগিয়ে আসতে হবে।
জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, বিশ্বের বিভিন্ন দেশে নারীদের ওপর সহিংসতা, নির্যাতন ও হত্যার ঘটনা অত্যন্ত বেদনাদায়ক। নারীদের যথাযথ সম্মান ও মর্যাদা নিশ্চিত করা গেলে নারী নির্যাতন বন্ধের পাশাপাশি সামাজিক স্থিতিশীলতা, শৃঙ্খলা ও শান্তি প্রতিষ্ঠা সম্ভব হবে।
তিনি আরও বলেন, নারী নির্যাতন বন্ধে নৈতিক শিক্ষা, সামাজিক আন্দোলন ও সচেতনতার বিকল্প নেই। নারীদের জন্য নিরাপদ শিক্ষাপ্রতিষ্ঠান ও কর্মপরিবেশ নিশ্চিত করতে হবে। কর্মক্ষেত্রের পাশাপাশি গণপরিবহনসহ জনপরিসরে নারীদের নিরাপত্তা ও সম্মানজনক পরিবেশ নিশ্চিত করতে রাষ্ট্র ও সরকারকে কার্যকর ব্যবস্থা নিতে হবে।
বিবৃতিতে ২৫ নভেম্বর আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবসের প্রেক্ষাপট তুলে ধরে মিয়া গোলাম পরওয়ার বলেন, ১৯৬০ সালের ২৫ নভেম্বর ডোমিনিকান প্রজাতন্ত্রের স্বৈরশাসকের বিরুদ্ধে আন্দোলনের কারণে প্যাট্রিয়া, মারিয়া তেরেসা ও মিনার্ভা মিরাবেল নামের তিন বোনকে হত্যা করা হয়। এ ঘটনার প্রেক্ষাপটে ১৯৯৩ সালে ভিয়েনায় বিশ্ব মানবাধিকার সম্মেলনে দিনটি আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস হিসেবে স্বীকৃতি পায়। পরে ১৯৯৯ সালের ১৭ ডিসেম্বর জাতিসংঘ দিবসটি আন্তর্জাতিকভাবে পালনের স্বীকৃতি দেয়। বাংলাদেশ ১৯৯৭ সাল থেকে দিবসটি পালন করে আসছে।
তিনি বলেন, বাংলাদেশে এখনো ধর্ষণ, হত্যা ও নানা ধরনের নিপীড়ন থেকে নারীরা মুক্ত নন। বিভিন্ন কলকারখানায় কর্মরত নারীরাও নানা ধরনের নির্যাতনের শিকার হচ্ছেন, যা গণমাধ্যমে উঠে আসছে। এসব নিপীড়ন ও নির্যাতন অবিলম্বে বন্ধ করতে হবে।
নারী নির্যাতন প্রতিরোধে সরকার, দায়িত্বশীল ব্যক্তি ও দেশবাসীকে জিরো টলারেন্স নীতি গ্রহণের আহ্বান জানান তিনি।