লালমাটিয়া থেকে সাবেক সংসদ সদস্য আজিজুল ইসলাম গ্রেপ্তার
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৬, ০৬:০৩ পিএম
রাজধানীর লালমাটিয়া থেকে যশোর-৬ (কেশবপুর) আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) মো. আজিজুল ইসলামকে (৩৩) গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
সোমবার (২৩ নভেম্বর) বিকেলে লালমাটিয়ার একটি বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ডিবির তেজগাঁও বিভাগের উপকমিশনার জিয়াউদ্দিন আহম্মেদ।
জিয়াউদ্দিন আহম্মেদ বলেন, ‘আজিজুল ইসলামকে গ্রেপ্তার করে ডিবি কার্যালয়ে নিয়ে আসা হয়েছে।’
ডিবি পুলিশের তথ্যমতে, আজিজুল ইসলামের বিরুদ্ধে যশোরে একাধিক মামলা রয়েছে।
আজিজুল ইসলাম ২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে যশোর-৬ (কেশবপুর) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। ওই নির্বাচনে তিনি আওয়ামী লীগ (বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ) মনোনীত প্রার্থী ও যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদারকে পরাজিত করেন।
তিনি একসময় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কেশবপুর উপজেলা শাখার যুগ্ম আহ্বায়ক ছিলেন। পরে জেলা পরিষদের সদস্য হিসেবেও নির্বাচিত হন।