শিকাগোতে খালেদা জিয়ার নামে সড়কের নামকরণ
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ২২ নভেম্বর ২০২৬, ০৯:৩০ পিএম
যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে ‘অনারারি মাদার অব ডেমোক্রেসি বেগম খালেদা জিয়া ওয়ে’। ছবি: রাষ্ট্রদূত মুশফিকুল ফজলের ফেসবুক পোস্ট থেকে।
যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নামে একটি সড়কের সম্মানসূচক নামকরণ করা হয়েছে। সড়কটির নাম দেওয়া হয়েছে ‘অনারারি মাদার অব ডেমোক্রেসি বেগম খালেদা জিয়া ওয়ে’ (Honorary Mother of Democracy Begum Khaleda Zia Way)।
রাষ্ট্রদূত, সিনিয়র সচিব (বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ে সংযুক্ত) মুশফিকুল ফজল আনসারী রবিবার (২২ নভেম্বর) এক ফেসবুক পোস্টে এ তথ্য জানিয়েছেন।
-6b030aa1dc738.png)
বাংলাদেশি বংশোদ্ভূত প্রখ্যাত স্থপতি এফ আর খানের নকশা করা ঐতিহাসিক সিয়ার্স টাওয়ারের (বর্তমান উইলিস টাওয়ার) পাশেই এই সড়কটির অবস্থান। রবিবার (২২ নভেম্বর) তাৎক্ষণিক আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে শিকাগোতে এই নামফলক উন্মোচন করা হয়েছে।
পরবর্তীতে বড় পরিসরে এর উদ্বোধনী অনুষ্ঠান আয়োজন করা হবে বলে উদ্যোক্তারা জানিয়েছেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, শাহ্ মোজাম্মেল নান্টুসহ শিকাগোর বাংলাদেশি কমিউনিটির সদস্যরা ঐতিহাসিক এই নামকরণের জন্য আবেদন করেছিলেন। এর পরিপ্রেক্ষিতে গত ২৩ সেপ্টেম্বর শিকাগোর ৩৬তম ওয়ার্ডের অ্যাল্ডারম্যান গিলবার্ট ভিলেগাস সিটি কাউন্সিলে সড়কটি নামকরণের প্রস্তাব উত্থাপন করেন।
পরবর্তীতে ১৪ অক্টোবর কাউন্সিলের পরিবহন ও জনপথ বিষয়ক কমিটি প্রস্তাবটি পাসের পক্ষে সর্বসম্মত সুপারিশ জানায়।
এই উদ্যোগের সঙ্গে যুক্ত সংশ্লিষ্টরা এই অর্জনে উচ্ছ্বাস প্রকাশ করে শিকাগোর বাংলাদেশি কমিউনিটির সদস্যদের আন্তরিক অভিনন্দন জানিয়েছেন।
উল্লেখ্য, এর আগে ২০১৩ সালে এই শিকাগো শহরেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নামে একটি সড়কের সম্মানসূচক নামকরণের উদ্যোগ নেওয়া হয়েছিল। পরের বছর শিকাগো সিটি কাউন্সিল ‘অনারারি জিয়াউর রহমান ওয়ে’ (Honorary Ziaur Rahman Way) অনুমোদন করে।
দীর্ঘ এক যুগ পর একই শহরের সড়কে বেগম খালেদা জিয়ার নাম যুক্ত হওয়াকে বাংলাদেশের গণতান্ত্রিক সংগ্রামের এই নেত্রীর প্রতি যুক্তরাষ্ট্রের এক অনন্য সম্মান হিসেবে দেখছেন প্রবাসী বাংলাদেশিরা।