খুলনায় বাড়ি ফেরার পথে বিএনপি নেতাকে গুলি, আহত ৩
ডেইলি সান রিপোর্ট, খুলনা
প্রকাশ: ২২ নভেম্বর ২০২৬, ০৪:০৫ এএম
ছবি: সংগৃহীত
খুলনার তেরখাদায় বাড়ি ফেরার পথে মাফিক সর্দার (৪০) নামে এক বিএনপি নেতাকে গুলি করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় তার কোমর, হাত ও পায়ে তিনটি গুলি লেগেছে। আহত অবস্থায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শনিবার (২১ নভেম্বর) রাত ১০টা থেকে সাড়ে ১০টার মধ্যে উপজেলার মোকামপুর বাজারসংলগ্ন বন্ধুর মোড়ে এ ঘটনা ঘটে।
আহত মাফিক সর্দার তেরখাদা উপজেলার মোকামপুর গ্রামের মৃত আবুল হোসেন সরদারের ছেলে। তিনি মধুপুর ইউনিয়ন বিএনপির সার্চ কমিটির সদস্য।
আহতের ভাই জানান, শনিবার রাতে ভ্যানে করে বাড়ি ফিরছিলেন মাফিক। পথে দুটি মোটরসাইকেলে আসা চার থেকে পাঁচজন অস্ত্রধারী দুর্বৃত্ত তাঁর গতিরোধ করে। একপর্যায়ে তাঁকে লক্ষ্য করে চার রাউন্ড গুলি ছোড়ে হামলাকারীরা। এর মধ্যে তিনটি গুলি তাঁর কোমর, হাত ও পায়ে লাগে। পরে দুর্বৃত্তরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
তিনি আরও জানান, হামলাকারীরা মোকামপুর বাজারের ওপর দিয়ে দক্ষিণ দিকে চলে গেছে বলে স্থানীয় লোকজন জানিয়েছেন।
খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে মাফিকের স্বজনরা জানান, তিনি দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত। তবে কী কারণে তাঁর ওপর এ হামলা হয়েছে, সে বিষয়ে তাঁরা নিশ্চিত নন।
তেরখাদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহমেদ আলী বিশ্বাস বলেন, গুলির ঘটনার খবর পেয়ে তিনি ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছেন। এ বিষয়ে বিস্তারিত তথ্য তাঁর কাছে নেই। ঘটনাস্থলে পৌঁছানোর পর বিস্তারিত জানা যাবে।