EN ☀️
×

Follow Us

রাজনীতি

শ্রমিক দলের ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি, ছয় মাসের মধ্যে কাউন্সিল

আমান উল্লাহ আমান আহ্বায়ক, শিমুল বিশ্বাস সদস্য সচিব

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ২১ নভেম্বর ২০২৬, ০৮:৫৩ পিএম

শ্রমিক দলের ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি, ছয় মাসের মধ্যে কাউন্সিল
অ অ

বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটি বিলুপ্ত করে ৫১ সদস্যের নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। নতুন কমিটির আহ্বায়ক করা হয়েছে আমান উল্লাহ আমান এমপিকে। সদস্য সচিব হয়েছেন অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস এমপি। আগামী ছয় মাসের মধ্যে সংগঠনের সপ্তম কেন্দ্রীয় কাউন্সিল ও সম্মেলন আয়োজনের দায়িত্ব দেওয়া হয়েছে এ কমিটিকে।

শনিবার (২১ নভেম্বর) সকালে রাজধানীর নয়াপল্টনে শ্রমিক দলের কেন্দ্রীয় কার্যালয়ে কেন্দ্রীয় নির্বাহী কমিটির জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সংগঠনের সভাপতি আনোয়ার হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় কেন্দ্রীয় নির্বাহী কমিটির ২৪ জন কর্মকর্তা উপস্থিত ছিলেন।

সভায় শ্রমিক দলের প্রধান উপদেষ্টা ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান এবং প্রধান সমন্বয়ক অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস বিশেষ আমন্ত্রণে অংশ নেন। সভা পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম খান নাসিম।

সভায় সংগঠনের সাংগঠনিক কার্যক্রম জোরদার এবং দ্রুত কেন্দ্রীয় কাউন্সিল আয়োজনের লক্ষ্যে নতুন আহ্বায়ক কমিটি গঠনের বিষয়ে আলোচনা হয়। এ জন্য শ্রমিক দলের গঠনতন্ত্র পর্যালোচনা করে কেন্দ্রীয় নির্বাহী কমিটির কর্মকর্তাদের একযোগে পদত্যাগের সিদ্ধান্ত নেওয়া হয়। পরে উপস্থিত ২৪ জন কর্মকর্তা সর্বসম্মতিক্রমে পদত্যাগ করেন এবং নতুন কমিটিকে দায়িত্ব পালনে সর্বাত্মক সহযোগিতার অঙ্গীকার করেন।

নতুন কমিটিতে আহ্বায়ক ও সদস্য সচিব ছাড়াও ৪৯ জন সদস্য রয়েছেন। কমিটি সপ্তম কেন্দ্রীয় কাউন্সিল ও সম্মেলন প্রস্তুতির দায়িত্ব পালন করবে। আগামী ছয় মাসের মধ্যে কাউন্সিল সম্পন্ন করার কথা রয়েছে।

সভায় গার্মেন্টসসহ বিভিন্ন খাতের শ্রমিকদের সমস্যা, মজুরি বৃদ্ধি এবং তাঁদের অন্যান্য ন্যায্য দাবি-দাওয়া নিয়ে আলোচনা হয়। শ্রমিকদের এসব দাবির পক্ষে সমর্থন ও সহযোগিতা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। একই সঙ্গে শ্রমিক আন্দোলনের নামে সন্ত্রাসী কর্মকাণ্ড এবং শিল্পপ্রতিষ্ঠানে উৎপাদন বৃদ্ধির বিরুদ্ধে ষড়যন্ত্রের বিষয়ে শ্রমিকদের সচেতন ও সংগঠিত করার সিদ্ধান্ত হয়।

এ ছাড়া শ্রমিক দলের সাংগঠনিক তৎপরতা বাড়ানো, নতুন শ্রমিক ইউনিয়ন গঠন ও সেগুলোকে সংগঠনের আওতায় আনা এবং বকেয়া চাঁদা আদায়ে প্রয়োজনীয় উদ্যোগ নিতে সংশ্লিষ্ট সংগঠন ও ব্যক্তিদের নির্দেশনা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় কেন্দ্রীয় উপদেষ্টা পরিষদের সদস্য মো. আব্দুস ছোবাহান, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সোরমান আলী এবং কেন্দ্রীয় সদস্য ও বগুড়া জেলা কমিটির সভাপতি আব্দুল ওয়াদুদের মৃত্যুতে শোক প্রস্তাব গ্রহণ করা হয়। তাঁদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া করা হয়।

সভায় শ্রমিক দলের কেন্দ্রীয় উপদেষ্টা কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম খান ও প্রধান সমন্বয়ক শিমুল বিশ্বাস দীর্ঘ এক যুগ ধরে নানা প্রতিকূলতার মধ্যেও সংগঠনের নেতৃত্ব দেওয়ায় কেন্দ্রীয় নির্বাহী কমিটির কর্মকর্তা ও সারা দেশের নেতাকর্মীদের ধন্যবাদ জানান। একই সঙ্গে নতুন আহ্বায়ক কমিটির সাফল্য কামনা করে সহযোগিতার আশ্বাস দেন তাঁরা।

সভায় উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে সমাপ্তি ঘোষণা করেন সংগঠনের সভাপতি আনোয়ার হোসাইন।

নতুন আহ্বায়ক কমিটির সদস্যরা হলেন—আহ্বায়ক আমান উল্লাহ আমান এমপি এবং সদস্য সচিব অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস এমপি। সদস্য হিসেবে রয়েছেন আনোয়ার হোসাইন, সাইদ আল নোমান এমপি, এম এম নাজিম উদ্দিন, হুমায়ুন কবির খান, ফিরোজ উজ জামান মামুন মোল্লা, সালাউদ্দিন সরকার, ফারাজী মতিউর রহমান, রফিকুল ইসলাম (রেলওয়ে), রহিম বক্স দুদু, মো. আবুল কালাম আজাদ, মো. মেহেদী আলী খান, নুরুল ইসলাম খান নাসিম, কাজী শেখ নুরুল্লাহ বাহার, মোস্তাফিজুর করিম মজুমদার, আবুল খায়ের খাজা, আবু সাঈদ, এম জি ফারুক, আব্দুস সামাদ, মিঞা মো. মিজানুর রহমান, জাহাঙ্গীর আলম, মো. জাকির হোসেন, স ম জামাল উদ্দিন, মিজানুর রহমান চৌধুরী, আব্দুল গফুর, রফিকুল ইসলাম, মঞ্জুরুল ইসলাম মঞ্জু, কোহিনুর মাহমুদ, আসাদুজ্জামান, খোরশেদ আলম, আব্দুল্লাহ আল-মামুন, হামিদা খাতুন, মফিদুল ইসলাম মোহন, সুমন ভূইয়া, কাজী শাহ আলম রাজা, বদরুল আলম সবুজ, কামরুল জামান, এম আর মঞ্জু, মো. মজিবুর রহমান, নাছরিন আক্তার ডিনা, মো. ফয়েজ আহমেদ খান, কাজী আমিরুল ইসলাম ফকু, খন্দকার জুলফিকার মতিন, জাকারিয়া প্রধান (খোকন), একে এম মনিরুল হক, মো. মমতাজ উদ্দিন, আজিজুল আলম খান, মো. আলাউদ্দিন, সোহরাব হোসেন লাইজু ও জাহাঙ্গীর আলম চৌধুরী জীবন।

আরও পড়ুন