EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

আ. লীগ নেতাকর্মীদের দলে টানার অভিযোগ, বিএনপি নেতার ফেসবুক পোস্টে তোলপাড়

ডেইলি সান রিপোর্ট, ফরিদপুর

প্রকাশ: ২১ নভেম্বর ২০২৬, ০৯:০২ এএম

আ. লীগ নেতাকর্মীদের দলে টানার অভিযোগ, বিএনপি নেতার ফেসবুক পোস্টে তোলপাড়

ফাইল ছবি

অ অ

গত জাতীয় সংসদ নির্বাচনে বিজয় নিশ্চিত করতে বিভিন্ন দলের সংসদ সদস্য প্রার্থীদের আওয়ামী লীগের নেতাকর্মীদের কাছে টানার সমালোচনা করে ফেসবুকে পোস্ট দিয়েছেন ফরিদপুর জেলা বিএনপির সদস্যসচিব এ কে এম কিবরিয়া স্বপন। 

শুক্রবার (২০ নভেম্বর) তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া পোস্টটি দ্রুত ছড়িয়ে পড়ে। এতে একাংশ প্রশংসা জানালেও মন্তব্যের ঘরে দলের অভ্যন্তরীণ কোন্দল ও নেতৃত্বের ভূমিকা নিয়ে ক্ষোভ ও সমালোচনা প্রকাশ করেছেন অনেকে।

কিবরিয়া স্বপনের ফেসবুক পোস্ট

নিজের ফেসবুক অ্যাকাউন্টে কিবরিয়া স্বপন লিখেছেন, “আওয়ামী লীগের আজকের এই ক্ষুদ্র পরিসরে প্রত্যাবর্তনের জন্য দায়ী গত জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণকারী প্রায় সব দলের এমপি প্রার্থীরা। প্রায় প্রত্যেক দলের এমপি প্রার্থীরা নিজেদের বিজয় নিশ্চিত করার জন্য আওয়ামী লীগের নেতাকর্মীদের কাছে ডেকে নিয়েছেন। অথচ সেই আওয়ামী লীগের নেতাকর্মীরাই গণতান্ত্রিক সরকারের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। তাই বলি—‘তোমাকে বধিবে যে, গোকুলে বাড়িছে সে’।”

প্রতিবেদনটি লেখা পর্যন্ত পোস্টটিতে ৪৩১টি মন্তব্য পড়েছে এবং ৫৯ জন তা শেয়ার করেছেন।

পক্ষে প্রশংসা, ত্যাগী নেতাদের মূল্যায়নের দাবি


পোস্টের নিচে অনেকে কিবরিয়া স্বপনের বক্তব্যের সঙ্গে একমত পোষণ করে তাকে সাধুবাদ জানিয়েছেন।

সাবেক ছাত্রদল নেতা গাজী মাহবুব মন্তব্য করেন, “সত্যি কথা বলছেন ভাই।”

নাজমুল হক নামে একজন লিখেছেন, “আপনি উচিত কথা বলেন, সেজন্য আপনাকে শ্রদ্ধা ও সম্মান করি।”

শাজাহান সিকদার মন্তব্য করেন, “এমপি-মন্ত্রীদের এখন লোক দেখানোর প্রতিযোগিতা চলছে। প্রধানমন্ত্রী তারেক রহমানকে লোক দেখিয়ে খুশি না করে, ৫ আগস্টের আগে রাজপথের পরীক্ষিত নেতাদের দিয়ে সব পর্যায়ের কমিটি গঠন করলেই দল ও তারেক রহমানের হাত শক্তিশালী হবে।”

মধুখালী উপজেলা ছাত্রদলের সাবেক ভিপি ইকবাল ক্ষোভ প্রকাশ করে লেখেন, “মধুখালী উপজেলা ও পৌর বিএনপির কমিটিতে সরাসরি আওয়ামী লীগ করা লোকজনকে পদ দেওয়া হয়েছিল, যে কারণে আমি ওই কমিটি থেকে পদত্যাগ করেছিলাম।”

নেতৃত্বের সমালোচনা ও অভ্যন্তরীণ ক্ষোভ

পোস্টটির মন্তব্যের ঘরে প্রশংসার পাশাপাশি স্থানীয় বিএনপির শীর্ষ নেতৃত্বের সমালোচনা এবং দলের অভ্যন্তরীণ বিভক্তির বিষয়টিও উঠে এসেছে।

নগরকান্দার আশির দশকের সাবেক ছাত্রদল নেতা রফিকুল ইসলাম অনু লিখেছেন, “নিজ দলের নেতাকর্মীদের ওপর আস্থা-ভরসা কম ছিল বলেই যোগদানকারী আওয়ামী লীগের নেতাকর্মীদের ওপর বিশ্বাস রাখা হয়েছিল এবং বিজয়ের পর তাদেরই প্রাধান্য দেওয়া হচ্ছে। মঞ্চে দাঁড়িয়ে দুর্দিনের কর্মীদের প্রতারণামূলক সান্ত্বনা দেওয়া হচ্ছে, যার মূল্য দিতেই হবে।”

ফরিদপুর জেলা যুবদলের সাবেক অন্যতম সংগঠক ফাত্তাহ উল ইসলাম জেলা বিএনপির সভাপতি ও সদস্যসচিবের সমালোচনা করে লিখেছেন, “অত্যন্ত দুঃখের সঙ্গে বলতে হয়, তুমি এবং তোমার সভাপতি দুজনেই সিনিয়র নেতাদের কোনো অন্যায়ের প্রতিবাদ করতে অক্ষম। আমার ব্যক্তিগত ঝামেলায় তোমরা দলের কর্মীর পক্ষ না নিয়ে অন্য পক্ষ নিয়েছ। স্বার্থের জন্য তোমরা নিজ কর্মীর বুকের ওপর দাঁড়িয়ে ভিন্ন দলের পক্ষ নিতে পারো।”

স্থানীয় রাজনৈতিক বিশ্লেষক ও নেতাকর্মীদের মতে, কিবরিয়া স্বপনের এই ফেসবুক পোস্টকে কেন্দ্র করে ফরিদপুর জেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনগুলোর ভেতরে দীর্ঘদিনের চাপা ক্ষোভ ও বিভক্তি নতুন করে প্রকাশ্যে এসেছে।

আরও পড়ুন