সীমান্তে অনুপ্রবেশ-নাশকতার ষড়যন্ত্র সম্মিলিতভাবে প্রতিরোধ করা হবে: প্রিন্স
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ২০ নভেম্বর ২০২৬, ০৭:১২ পিএম
গণঅভ্যুত্থানের পর ভারতে পালিয়ে যাওয়া কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পলাতক নেতাকর্মীদের একটি অংশ অবৈধভাবে বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশের চেষ্টা এবং দেশে অরাজকতা, নাশকতা ও অস্থিতিশীল করার ষড়যন্ত্র সম্মিলিতভাবে প্রতিরোধ করা হবে বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব ও ময়মনসিংহ জেলা পরিষদের প্রশাসক সৈয়দ এমরান সালেহ প্রিন্স।
শুক্রবার (২০ নভেম্বর) বিকেলে ময়মনসিংহের হালুয়াঘাটের ভূবনকুড়া ইউনিয়নের তেলিখালি ও মাজরাকুড়া বাজারে দুটি পথসভায় তিনি এ কথা বলেন।
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতার অপচেষ্টার বিরুদ্ধে ভূবনকুড়া ইউনিয়ন বিএনপি এই কর্মসূচি পালন করে। পথসভার আগে হালুয়াঘাট বাজার থেকে তেলিখালি পর্যন্ত ১৩ কিলোমিটার সীমান্ত সড়কে মোটরসাইকেল মিছিলে নেতৃত্ব দেন প্রিন্স।
প্রিন্স বলেন, বাংলাদেশের জনগণ দীর্ঘ আন্দোলন-সংগ্রাম ও রক্তের বিনিময়ে গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম করেছে। জনগণের সেই অর্জনকে নস্যাৎ করতে কেউ যদি দেশের বাইরে থেকে উস্কানি দিয়ে দেশের ভেতরে অরাজকতা সৃষ্টি এবং সীমান্তে অস্থিরতা তৈরির অপচেষ্টা রাষ্ট্রদ্রোহী তৎপরতা হিসেবে বিবেচিত হবে।
পথসভায় তিনি বলেন, গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে পালিয়ে যাওয়া আওয়ামী লীগের নেতাকর্মীদের একটি অংশ ভারতের মাটিতে অবস্থান করে সেখান থেকে বাংলাদেশে নাশকতা ও অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে । এ ধরনের অভিযোগের বিষয়ে ভারত সরকারের দৃশ্যমান অবস্থান ও কার্যকর পদক্ষেপ না থাকার বিষয়টি উদ্বেগজনক।
-6b004728e272d.jpg)
তিনি বলেন, আমরা বিশ্বাস করতে চাই না যে, ভারত সরকার তাদের দেশে পালিয়ে থাকা হত্যা,গুম, খুনের মামলার আসামি ও লুটেরা, দুর্নীতিবাজ আওয়ামী লীগের নেতাকর্মীদের বাংলাদেশে অস্থিতিশীলতা সৃষ্টির কোনো তৎপরতায় প্রশ্রয় দিচ্ছে। আমরা আশা করি, ভারত সরকার এসব অভিযোগ গুরুত্বের সঙ্গে তদন্ত করবে এবং তাদের ভূখণ্ড বাংলাদেশের বিরুদ্ধে কোনো নাশকতামূলক কর্মকাণ্ডে ব্যবহৃত হতে দেবে না।
তিনি বলেন, যারা দেশের বাইরে অবস্থান করে দেশের শান্তি ও স্থিতিশীলতা বিনষ্ট করার ষড়যন্ত্র করছে, তাদের ক্ষমা নাই।
বিএনপির এই নেতা বলেন, হালুয়াঘাট ও ধোবাউড়া সীমান্তবর্তী জনপদ। এখানে হাজার হাজার মানুষের জীবন-জীবিকা, কৃষি, ব্যবসা-বাণিজ্য ও সামাজিক নিরাপত্তা সীমান্তের শান্তিপূর্ণ পরিবেশের সঙ্গে জড়িত। সীমান্তে কোনো ধরনের অস্থিতিশীলতা সৃষ্টি হলে সাধারণ মানুষই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে।
তিনি স্থানীয় জনসাধারণ ও নেতাকর্মীদের প্রতি সীমান্তে অবৈধ অনুপ্রবেশ রোধে সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেন, সন্দেহজনক তৎপরতার নির্ভরযোগ্য তথ্য পেলে বিজিবি বা পুলিশকে অবহিত করুন।
তিনি বিজিবি, পুলিশ, সংস্থা ও স্থানীয় প্রশাসনের প্রতি সীমান্তে নজরদারি জোরদার করার আহ্বান জানিয়ে বলেন, অবৈধ অনুপ্রবেশ, অস্ত্র ও বিস্ফোরক চোরাচালান এবং নাশকতার পরিকল্পনার সুনির্দিষ্ট তথ্য পাওয়া গেলে দ্রুত আইনানুগ ব্যবস্থা নিতে হবে। বিএনপির স্থানীয় নেতাকর্মী ও জনগণকে এসব অপরাধের বিষয়ে সতর্কতা অবলম্বন করতে হবে। সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সব সংস্থার মধ্যে কার্যকর সমন্বয় গড়ে তুলতে হবে।
তিনি আরও বলেন, আমরা হালুয়াঘাট ও ধোবাউড়া সীমান্তকে শান্তি, নিরাপত্তা, বৈধ বাণিজ্য ও অর্থনৈতিক সমৃদ্ধির অঞ্চলে পরিণত করতে চাই। কোনো অশুভ তৎপরতার কারণে এই অঞ্চলের মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ও সম্ভাবনা বিনষ্ট হতে দেওয়া যাবে না।
তিনি বলেন, সীমান্তে সতর্কতা চাই, আতঙ্ক নয়; নিরাপত্তা চাই, অরাজকতা নয়। বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জনগণের নিরাপত্তা রক্ষায় কোনো আপোশ করা হবে না। সবার আগে বাংলাদেশ।
ভূবনকুড়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক রমজান আলীর সভাপতিত্বে ও সদস্য সচিব জাকির হোসেনের সঞ্চালনায় পথসভায় আরও বক্তব্য দেন হালুয়াঘাট উপজেলা বিএনপির আহ্বায়ক আসলাম মিয়া বাবুল, সদস্য সচিব আবু হাসনাত বদরুল কবীর ও যুগ্ম আহ্বায়ক কাজী ফরিদ আহমেদ পলাশ। উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের অন্য নেতারাও বক্তব্য রাখেন।