ইশরাক হোসেন
সন্ত্রাসী কর্মকাণ্ডের জবাব প্রতিরোধ ও আইনি পদক্ষেপে দেওয়া হবে
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৬, ০৪:৩৮ পিএম
ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেন। ছবি: সংগৃহীত
গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এস এম জিলানীর বাড়িতে অগ্নিসংযোগ, ফরিদপুরে কৃষকদলের নেতাকে হত্যা এবং গোপালগঞ্জ থানাসহ দেশের বিভিন্ন স্থানে হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেন।
তিনি বলেছেন, এসব সন্ত্রাসী কর্মকাণ্ডের জবাব ঐক্যবদ্ধ সামাজিক প্রতিরোধ ও কঠোর আইনি পদক্ষেপের মাধ্যমে দেওয়া হবে।
বুধবার (১৮ নভেম্বর) নিজের ফেসবুক পোস্টে এ কথা বলেন ইশরাক হোসেন।
পোস্টে তিনি বলেন, আওয়ামী লীগের সন্ত্রাসী বাহিনীকে বলতে চাই, দেশকে সংকটমুক্ত রাখার স্বার্থে তাঁরা ধৈর্য ও সংযমের সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করছেন। তাঁদের এই ধৈর্য ও সহনশীলতাকে দুর্বলতা মনে করা উচিত হবে না।
ইশরাক হোসেন আরও বলেন, ২০২৪ সালের ৫ আগস্টের পর প্রতিহিংসার পথে না গিয়ে দেশনায়ক তারেক রহমানের নির্দেশে তাঁরা ধৈর্য ও রাজনৈতিক সহনশীলতার দৃষ্টান্ত স্থাপন করেছেন। আওয়ামী লীগের নেতাকর্মীদের পরিবার-পরিজন ও বাড়িঘর নিরাপদ রাখার নির্দেশনাও তৃণমূল পর্যায়ে দেওয়া হয়েছে। অথচ দলটির পলাতক নেতারা নিরাপদে থেকে কর্মীদের বিপদের মুখে ঠেলে দিচ্ছেন।
তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, জনবিরোধী সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে দেশে আবারও ২০২৪ সালের পরিস্থিতি তৈরির চেষ্টা হলে জনগণের ক্ষোভ আরও বাড়বে। এসব কর্মকাণ্ডের বিরুদ্ধে ঐক্যবদ্ধ সামাজিক প্রতিরোধ গড়ে তোলা হবে এবং কঠোর আইনি পদক্ষেপ নেওয়া হবে।
