লন্ডনে নাহিদের ওপর হামলার নিন্দা রাশেদ খাঁনের
জামায়াত-এনসিপিকে ঐক্যের আহ্বান
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৬, ০১:৩৩ পিএম
লন্ডনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের ওপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। এ ঘটনায় জামায়াত ও এনসিপির নেতাদের সমালোচনা করে আওয়ামী লীগের বিরুদ্ধে দলগুলোর মধ্যে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন তিনি।
মঙ্গলবার (১৭ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এসব কথা বলেন রাশেদ খাঁন।
ফেসবুক পোস্টে তিনি লেখেন, লন্ডনে নাহিদ ইসলামের ওপর আওয়ামী লীগের সন্ত্রাসীদের হামলা আন্তর্জাতিক পরিমণ্ডলে তাদের উগ্রতা ও দুর্বৃত্তপনার বহিঃপ্রকাশ। এ ধরনের কর্মকাণ্ডের কারণে আন্তর্জাতিকভাবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ব্যবস্থা নেওয়া হবে বলেও মন্তব্য করেন তিনি।
পোস্টে গোপালগঞ্জের ঘটনার প্রসঙ্গ টেনে রাশেদ খাঁন জামায়াত ও এনসিপির নেতাদের সমালোচনা করেন। তিনি প্রশ্ন তোলেন, গোপালগঞ্জের ঘটনায় যেভাবে জামায়াত-এনসিপি বিএনপি সরকারকে দায়ী করেছে, লন্ডনে নাহিদ ইসলামের ওপর হামলার ঘটনায় তারা কাকে দায়ী করবে?
রাশেদ খাঁন আরও লেখেন, জামায়াত নেতৃত্বাধীন ১১-দলীয় জোটের নেতারা লন্ডনে নাহিদ ইসলামের নিরাপত্তা দিতে পারেননি। আমন্ত্রণ জানিয়ে নিয়ে গিয়ে তাঁকে আওয়ামী লীগের হাতে মার খাওয়ার পরিস্থিতিতে পড়তে হয়েছে। এ ঘটনায়ও বিএনপি সরকারের কূটনৈতিক ব্যর্থতা খোঁজা হবে কি না, সে প্রশ্ন তোলেন তিনি।
পোস্টে তিনি জামায়াত ও এনসিপির প্রতি দোষারোপের রাজনীতি থেকে বেরিয়ে এসে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। রাশেদ খাঁনের ভাষ্য, আওয়ামী লীগের দুর্বৃত্তদের প্রতিরোধ করা সবার সম্মিলিত দায়িত্ব। বিভক্তির সুযোগ নিয়ে দেশে-বিদেশে যাতে আওয়ামী লীগের নেতা-কর্মীরা নাশকতা ও হামলার সাহস না পায়, সে জন্য ঐক্যবদ্ধ অবস্থান প্রয়োজন।
পোস্টের শেষাংশে তিনি আওয়ামী লীগকে জাতির শত্রু আখ্যা দিয়ে দলটির বিরুদ্ধে সম্মিলিত প্রতিরোধ গড়ে তোলার এবং কোনো ধরনের রাজনৈতিক পরিসর না দেওয়ার অঙ্গীকার করার আহ্বান জানান।