EN ☀️
×

Follow Us

রাজনীতি

ঝটিকা মিছিল ও ঘরোয়া বৈঠকে যেভাবে সংগঠিত হচ্ছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ

বিবিসি বাংলা

প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৬, ০৫:১০ পিএম

ঝটিকা মিছিল ও ঘরোয়া বৈঠকে যেভাবে সংগঠিত হচ্ছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ
অ অ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা আত্মগোপনে থেকেও সাংগঠনিক তৎপরতা চালিয়ে যাচ্ছেন। ঘরোয়া বৈঠক, অনলাইন যোগাযোগ এবং ঝটিকা মিছিলের মাধ্যমে সংগঠিত হওয়ার চেষ্টা করছেন তারা। সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন স্থানে দলটির নেতা-কর্মীদের মিছিল ও এসব কর্মসূচিকে ঘিরে সহিংসতার ঘটনা নতুন করে আলোচনায় এসেছে।

নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার উপ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক শেখ মোহাম্মদ নাঈম জানান, তারা বাসাবাড়িতে অবস্থান না করে বাইরে থেকে যোগাযোগের মাধ্যমে মিছিল আয়োজনের চেষ্টা করছেন।

তিনি বলেন, “আমরা বাসা-বাড়িতে থাকি না। বাইরেই থাকি। বাইরে থেকেই যোগাযোগ করে চেষ্টা করি কীভাবে একসঙ্গে হয়ে একটা মিছিল করা যায়। এখন মিছিল ঘনঘন হচ্ছে, মিছিলে লোকও বেশি হচ্ছে।”

শেখ মোহাম্মদ নাঈম জানান, গত কয়েক দিনে দেশের বিভিন্ন স্থানে ছাত্রলীগ মিছিল করেছে। আওয়ামী লীগের নেতা-কর্মীরাও মিছিল করে নিজেদের উপস্থিতি জানান দেওয়ার চেষ্টা করেছেন। তার ভাষায়, এসব কর্মসূচি দলের নির্দেশনায় হচ্ছে।

তিনি বলেন, “আপার পাসপোর্ট চাওয়া নিয়ে যখন আলোচনা হচ্ছে, তখনই আমাদের কেন্দ্র থেকে জানানো হয় ১০ই অক্টোবর সারাদিন কর্মসূচি পালন করতে হবে। এটাকে ঘিরেই আসলে ছাত্রলীগ বলেন বা আওয়ামী লীগ বলেন, সবাই চেষ্টা করেছে যার যার মতো মাঠে নামার।”

বাংলাদেশে গত কয়েক দিন ধরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা মিছিল এবং এসব কর্মসূচিকে ঘিরে সহিংসতার ঘটনা আলোচনায় রয়েছে। ঘরোয়া বৈঠক ও অনলাইন তৎপরতার পর ঝটিকা মিছিলের মাধ্যমে মাঠে সক্রিয় হওয়ার চেষ্টা করছে দলটি। তাদের দাবি, এসব তৎপরতা সংগঠনকে শক্তিশালী করার পাশাপাশি শেখ হাসিনার দেশে ফেরার পথও তৈরি করবে।

কিন্তু আত্মগোপনে থেকে এবং নানা ধরনের নজরদারির মধ্যে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনটি কীভাবে এসব কর্মসূচি পালন করছে? এসব কর্মসূচি, বিশেষ করে সহিংসতার ঘটনাগুলো কী বার্তা দিচ্ছে?

ভার্চুয়াল বৈঠক, গোপনীয়তা ও ঝটিকা মিছিলের কৌশল

ছাত্রলীগের একাধিক নেতার সঙ্গে কথা বলে জানা যায়, দলটির বিভিন্ন স্তরের নেতারা নিয়মিত ঘরোয়া বৈঠক করছেন। কখনো রেস্টুরেন্টে, কখনো বাসাবাড়িতে এসব বৈঠক হচ্ছে। এ ছাড়া বিদেশে থাকা নেতারা নিয়মিত ভার্চুয়াল বৈঠকে অংশ নিচ্ছেন।

সম্প্রতি শীর্ষ নেতাদের সঙ্গে অনলাইনে বৈঠক করেছেন ঢাকার বাইরের এমন এক নেতা পরিচয় প্রকাশ না করার শর্তে বলেন, শুরুতে যোগাযোগ কম থাকলেও এখন নেতারা যোগাযোগ বাড়িয়েছেন।

তিনি বলেন, “আগে তো একটা হতাশা ছিল। ছাত্রলীগের বড় নেতারা নেই। যে যার মতো পালিয়ে গেছে। আমরা তখন লুকিয়ে থাকলাম। যোগাযোগই ছিল না। এখন তারাও যোগাযোগ করছে, আমরাও সক্রিয় হচ্ছি।”

কেন্দ্রীয় নেতারা যোগাযোগ করে কী বলেন—এমন প্রশ্নে তিনি বলেন, “বলে যে, মিছিল করো, মাঠে নামো। মোটিভেট করে। সাবধানে থাকতে বলে। কমিটি নতুন করে গঠন হচ্ছে। নেতারা বলে দিয়েছে, যারা সক্রিয় থাকবে, তারাই কমিটিতে স্থান পাবে।”

বাংলাদেশে জুলাই গণ-অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর আওয়ামী লীগের শীর্ষ নেতারা দেশ ছেড়ে পালিয়ে যান। অনেকে দেশে আত্মগোপনে আছেন, কেউ কেউ গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন। একইভাবে আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম ও অঙ্গসংগঠনগুলোর নেতা-কর্মীদের কেউ দেশ ছেড়েছেন, কেউ আত্মগোপনে রয়েছেন।

তবে এখন ধীরে ধীরে তাদের অনেকেই সামনে আসতে শুরু করেছেন। বিভিন্ন স্থানে ঝটিকা মিছিলও করছেন।

তৃণমূলে এসব মিছিল কীভাবে সংগঠিত হচ্ছে, জানতে চাইলে মুন্সীগঞ্জের শ্রীপুর উপজেলার ভাগ্যকূল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনির হোসেন মিটুল বলেন, এলাকায় নেতৃত্বশূন্যতা থাকলেও কর্মী ও সমর্থকেরা এখনো এলাকায় অবস্থান করছেন।

তিনি বলেন, “ধরেন জেলা বা উপজেলার নেতারা তো নাই। এটা সত্য কথা। এদের সঙ্গে আমাদের কানেকশনও নাই। কিন্তু আমরা যারা ইউনিয়ন নেতা আছি, আমাদের মাধ্যমেই যোগাযোগ হচ্ছে। দশ দিন আগে আমরা একটা মিছিল করেছি, মোবাইলে যোগাযোগ করে।”

নজরদারির মধ্যে কীভাবে মিছিল করা হয়, জানতে চাইলে মনির হোসেন মিটুল বলেন, “মোবাইলে বলে দেওয়া থাকে, কোথায় কখন আসতে হবে। রাস্তায় নামার আগে সামনে এবং পিছনে একটু দূরে দুইটা টিম থাকে। ওরা প্রটোকল দেয়। মাঝখানে আমরা মিছিল করি। টার্গেট থাকে নিরাপদ মিছিল করে সবাই আবার যেন নিরাপদেই সেখান থেকে বের হয়ে আসতে পারি। এটাই কৌশল।”

অন্যদিকে ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার উপ আন্তর্জাতিক সম্পাদক শেখ মোহাম্মদ নাঈম বলেন, তাদের নির্দেশনা দেওয়া হয়েছে, যে যে এলাকায় আছেন, সেখানেই কার্যক্রম পরিচালনা করতে।

তিনি বলেন, “আমরা মিছিলগুলো সংগঠিত করার ক্ষেত্রে সবাইকে জানাই এবং সবার আগে গুরুত্ব দেই নিরাপত্তা। আমরা আগে গোপনীয়তা রক্ষা করতে বলি। বিষয়গুলো যাতে কোনোভাবেই বেশি মানুষের মধ্যে না ছড়ায়, যাতে কোনোভাবেই গোয়েন্দা সংস্থা কিংবা সরকারি দলের কিংবা অন্য কোনো দলের সদস্যদের কাছে ইনফরমেশন না যায়—এটা খেয়াল রাখা হয়।”

ছাত্রলীগের এই নেতা বলছেন, তার ভাষায়, দলের নির্দেশনা হচ্ছে প্রকাশ্য কর্মসূচি বাড়াতে হবে।

কিন্তু এসব কর্মসূচিতে লাভ কী—এমন প্রশ্নে শেখ মোহাম্মদ নাঈম বলেন, “লাভ হচ্ছে, আমাদের নেতা-কর্মীরা সাংগঠনিকভাবে একত্রিত হচ্ছে। যারা কানেকশনের বাইরে চলে গিয়েছিল, র‍্যাডারের বাইরে চলে গিয়েছিল, তারাও একত্রিত হচ্ছে। আমাদের এই মুহূর্তে উদ্দেশ্য হচ্ছে আপার (শেখ হাসিনা) প্রত্যাবর্তন। আপার প্রত্যাবর্তনকে কেন্দ্র করে ধরেন মাঠ গরম করা হোক কিংবা রাজপথ সতেজ রাখা হোক—এই কর্মসূচিগুলো আমাদের এই মুহূর্তে উদ্দেশ্য।”

সহিংসতা কী বার্তা দেয়?

নিষিদ্ধ ছাত্রলীগ এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের তৃণমূলের নেতা-কর্মীরা মনে করছেন, ঝটিকা মিছিল, ঘরোয়া সভা এবং নিয়মিত বিরতিতে কর্মসূচি দলটিকে চাঙা করছে। তাদের ভাষায়, এর ফলে শেখ হাসিনার দেশে ফেরার পথ সুগম হবে।

তবে দলটির কর্মসূচিকে ঘিরে দেশের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ, অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনা ঘটছে। এসব ঘটনায় একজনের মৃত্যুও হয়েছে।

ঝটিকা মিছিলের কিছু ভিডিওতে দেখা যায়, মিছিল থেকেই ককটেল ছোড়া হচ্ছে। সম্প্রতি ফেসবুকে ছড়িয়ে পড়া এমন একটি ভিডিওতে দেখা যায়, গত ৫ নভেম্বর ঢাকার আর্মি গলফ ক্লাবের সামনে একদল মোটরসাইকেল আরোহী আওয়ামী লীগের স্লোগান দিচ্ছেন। তাদের একজনের ধারণ করা ভিডিওতে দেখা যায়, মিছিল থেকে কেউ একজন ককটেল ছুড়ে মারছেন।

এ ছাড়া গত মঙ্গলবার গোপালগঞ্জে রাস্তায় টায়ার জ্বালিয়ে অবস্থান নিতে দেখা যায় আওয়ামী লীগের নেতাদের। একই দিনে শ্রীমঙ্গলে এনসিপির ছাত্রসংগঠন ছাত্রশক্তির নেতা হাসিব আল ইসলামের ওপর হামলা হয়। পরে ওই হামলার একাধিক ভিডিও আওয়ামী লীগ সমর্থিত ইনফ্লুয়েন্সার ও বিভিন্ন ফেসবুক পেজে আপলোড করা হয়।

এসব সহিংসতার জন্য সরকারি দল বিএনপি আওয়ামী লীগকে দায়ী করছে। তবে আওয়ামী লীগের নেতারা তা অস্বীকার করছেন।

বিএনপিসহ জামায়াত ও এনসিপির মতো রাজনৈতিক দলগুলোর মধ্যে মূল্যায়ন হচ্ছে, কর্মসূচি কিংবা সহিংসতার মাধ্যমে মূলত ‘ভয়ের পরিবেশ’ তৈরি করতে চায় আওয়ামী লীগ।

৫ আগস্টের পর আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা মূলত পলাতক থাকলেও তাদের অনেকে দেশের বাইরে থেকেই দলীয় কার্যক্রমে সক্রিয় রয়েছেন। এসব নেতার অনেকের বিরুদ্ধে পরে বাংলাদেশের আদালতে মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করা হয়েছে।

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন নাছিমের কাছে প্রশ্ন ছিল, আওয়ামী লীগের কর্মসূচিকে ঘিরে সহিংসতার ঘটনা কেন ঘটছে?

জবাবে তিনি বিবিসি বাংলাকে বলেন, তার ভাষায়, আওয়ামী লীগ সহিংসতার দল নয়, বরং শান্তির দল।

বাহাউদ্দিন নাছিম বলেন, “আওয়ামী লীগ কখনই ষড়যন্ত্রের রাজনীতি, ধ্বংসের রাজনীতি অথবা সন্ত্রাসের রাজনীতিকে কখনই প্রশ্রয় দেয় না। এগুলো আমাদের কাজ না।”

স্বল্পস্থায়ী ঝটিকা মিছিল বা এ ধরনের কর্মসূচির মাধ্যমে আওয়ামী লীগ কী অর্জন করতে চায় এবং এর মাধ্যমে সরকারের ওপর কতটা চাপ তৈরি করতে পারছে—এমন প্রশ্নে বাহাউদ্দিন নাছিম বলেন, “আমাদের তো মিছিল করতে দেওয়া হয় না। তারপরও কিন্তু দেখবেন মিছিল বাড়ছে, মিছিলে অংশগ্রহণও বাড়ছে। শত শত মিছিল হচ্ছে। এই মিছিলগুলো কিন্তু গণমানুষের সম্পৃক্ততাতেই হচ্ছে। সুতরাং বাংলাদেশের মানুষ কিন্তু (সরকারের ওপর) চাপ তৈরি করে ফেলেছে। আওয়ামী লীগ ইতোমধ্যেই প্রচণ্ড চাপ সৃষ্টি করতে পেরেছে।”

সরকার কঠোর হবে?

আওয়ামী লীগ তাদের অবস্থান তুলে ধরছে। তবে বাস্তবতা হচ্ছে, একদিকে ঝটিকা মিছিল, অন্যদিকে দলটির কার্যক্রম নিষিদ্ধ। এ অবস্থায় এ ধরনের কর্মসূচির মাধ্যমে শেখ হাসিনার দেশে ফেরার মতো রাজনৈতিক পরিস্থিতি কীভাবে তৈরি হবে, তা স্পষ্ট নয়।

এর আগে আওয়ামী লীগের শাসনামলে দীর্ঘদিন ঝটিকা মিছিলের মাধ্যমে রাজনীতি করেছে জামায়াত। তবে এসব মিছিলের মাধ্যমে তখনকার সরকারি দলকে দাবি মানতে বাধ্য করতে পারেনি দলটি।

রাজনীতি বিশ্লেষক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. সাব্বির আহমেদ বলছেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দুর্বলতা আওয়ামী লীগকে সুবিধা এনে দিতে পারে।

তিনি বলেন, “আগে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ছিল শক্তিশালী। এটার নানারকম অর্থ হতে পারে। কিন্তু মোদ্দাকথা হচ্ছে, তাদের শক্তি ছিল, মনোবল ছিল।”

তিনি আরও বলেন, “কিন্তু এখন সরকারের বড় উইক পয়েন্ট হচ্ছে, তাদের ল এনফোর্সিং বাহিনীগুলো দুর্বল হওয়াতে ওই সুযোগটা তারা (আওয়ামী লীগ) পাচ্ছে। মানে পুলিশের দুর্বলতা যত বেশি প্রকাশিত হবে, তত তারা তাদের ঝটিকা মিছিলগুলো করবে।”

সহিংসতার ঘটনাগুলো রাজনীতিতে কী বার্তা দিচ্ছে—এমন প্রশ্নে সাব্বির আহমেদ বলেন, “এটা যে আওয়ামী লীগের খুব বেশি বিপক্ষে যাবে তা না। তাদের কিছু পক্ষেও যাবে। কারণ যখন জান-মালের ক্ষতি হওয়া শুরু হবে, এটা কিন্তু সরকারের বিপক্ষেও যেতে পারে। সুতরাং এটা বহুদিকের লাভ-ক্ষতির হিসাব আছে।”

তবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দুর্বলতার বিষয়টি নাকচ করছে। একই সঙ্গে কঠোর ব্যবস্থা নেওয়ার কথাও বলছে।

সম্প্রতি জাতীয় সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, “এই দুই একটা সিম্বলিক ঘটনাকে একত্রিত করে যদি দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ বলা হয়, এইটা আমার মনে হয় যৌক্তিক না। দেশবাসীকে আশ্বস্ত করতে চাই, কারো যে কোনো রকমের ষড়যন্ত্র সেটা দেশের অভ্যন্তরে হোক বা সীমান্তের বাইরে হোক বা সম্মিলিত হোক, সেই ষড়যন্ত্রের কোনো নীলনকশা এখানে বাস্তবায়ন হবে না।”

সরকার বলছে, তারা এসব তৎপরতা মোকাবিলা করবে। অন্যদিকে আওয়ামী লীগ বলছে, তারা মাঠে থাকবে।

তবে দলটির কার্যক্রম নিষিদ্ধ থাকা অবস্থায় কর্মসূচি এবং সেগুলোকে ঘিরে হামলা ও সহিংসতার ঘটনা দেশের রাজনীতিতে উত্তাপ তৈরি করেছে। আর সেই আলোচনার কেন্দ্রে উঠে এসেছে শেখ হাসিনার দেশে ফেরার ইস্যু।

আরও পড়ুন