সার্টিফিকেট নয়, বিবেক ও মনুষ্যত্বই প্রকৃত শিক্ষা: রিজভী
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ১১ নভেম্বর ২০২৬, ০৪:০৭ পিএম
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও জাতীয় স্থায়ী কমিটির সদস্য রুহুল কবির রিজভী। ছবি: সংগৃহীত
শুধু পরীক্ষায় পাস বা ডিগ্রির সনদ অর্জনই প্রকৃত শিক্ষা নয়। শিক্ষার সঙ্গে বুদ্ধিমত্তা, বিবেক, মনুষ্যত্ব ও যুক্তিবোধের সমন্বয় ঘটলেই তা প্রকৃত জ্ঞানে পরিণত হয় বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও জাতীয় স্থায়ী কমিটির সদস্য রুহুল কবির রিজভী।
বুধবার (১১ নভেম্বর) দুপুরে রাজধানীর মোহাম্মদপুর মহিলা কলেজের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নবাগত ছাত্রীদের অভিনন্দন জানিয়ে রিজভী বলেন, শিক্ষা মানুষের দৃষ্টিভঙ্গি প্রসারিত করে এবং ভবিষ্যৎ সম্পর্কে দূরদৃষ্টি তৈরি করে। চাকরি ও উপার্জনের জন্য ডিগ্রি প্রয়োজন হলেও পূর্ণাঙ্গ মানুষ হয়ে উঠতে শিক্ষার অন্তর্নিহিত মূল্যবোধ ধারণ করতে হবে। যে শিক্ষা শিক্ষার্থীদের মনে আনন্দ তৈরি করে না, তা প্রকৃত শিক্ষা হতে পারে না।
শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, ছাত্রজীবনে ভালো করার জন্য কিছুটা জেদ বা প্রতিযোগিতার মনোভাব থাকা ভালো। তবে লক্ষ্য অর্জনের পর সেই জেদকে আত্মসম্মানে রূপ দিতে হবে।
নিজের ছাত্রজীবনের স্মৃতিচারণা করে রিজভী বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভূগোল বিভাগে ভর্তির সময় তাঁদেরও নবীনবরণ করা হয়েছিল। ইন্টারমিডিয়েটে পড়ার সময় শিক্ষক রুহুল আমিন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ‘শ্রীকান্ত’ উপন্যাস এমন আনন্দের সঙ্গে পড়াতেন যে, সেই পাঠের স্মৃতি এখনো তাঁর মনে রয়েছে।
শিক্ষকদের পাঠদান পদ্ধতি আনন্দময় করার আহ্বান জানিয়ে তিনি বলেন, শিক্ষার্থীরা যেন পড়াশোনায় আনন্দ পায় এবং ক্লাসের প্রতি আগ্রহী হয়, সেভাবে পাঠদান করতে হবে।
দার্শনিক মাওলানা রুমির উদ্ধৃতি দিয়ে রিজভী বলেন, প্রতিটি শিক্ষার্থীর মধ্যেই সম্ভাবনা রয়েছে। সঠিক শিক্ষা ও প্রশিক্ষণের মাধ্যমে সেই সম্ভাবনা বিকশিত করতে হবে।
কলেজের গভর্নিং বডির সভাপতি অ্যাডভোকেট মো. আক্তারুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা আতাউর রহমান ঢালী, সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার রাশনা ইমাম এবং বসিলা হাইস্কুলের সভাপতি মো. সোহেল রহমান। অনুষ্ঠান সঞ্চালনা করেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক ফরহানা ইয়াসমিন।
এ সময় কলেজের শিক্ষক-শিক্ষিকা ও বিপুলসংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
