EN ☀️
×

Follow Us

রাজনীতি

ছাত্রশিবিরের বর্তমান অবস্থান ও কর্মকাণ্ড ২০২৪ সালের মতোই সুবিধাবাদী: নাসির

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ১০ নভেম্বর ২০২৬, ০৫:৪২ পিএম

ছাত্রশিবিরের বর্তমান অবস্থান ও কর্মকাণ্ড ২০২৪ সালের মতোই সুবিধাবাদী: নাসির
অ অ

ছাত্রশিবিরের বর্তমান অবস্থান ও কর্মকাণ্ডের সঙ্গে ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানের সময়কার ভূমিকার মিল রয়েছে বলে মন্তব্য করেছেন ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির। আওয়ামী লীগ সরকারের পতনের আগে ছাত্রশিবিরের নীরব ভূমিকার সমালোচনা করে তিনি অভিযোগ করেছেন, দলটি এখনো একইভাবে সুবিধাজনক অবস্থানে থাকার চেষ্টা করছে।

মঙ্গলবার (১০ নভেম্বর) নিজের ফেসবুক পোস্টে এসব মন্তব্য করেন নাসির উদ্দিন নাসির।

পোস্টে তিনি বলেন, জুলাই গণ-অভ্যুত্থানের সময় ছাত্রশিবির নীরব ভূমিকা পালন করেছিল। আওয়ামী লীগের পতন না হলে ছাত্রশিবিরের কেন্দ্রীয় নেতা থেকে শুরু করে একজন কর্মীও ক্ষতিগ্রস্ত হতেন না। বরং নিজেদের নীরব ভূমিকার কারণে আওয়ামী লীগের ছাড়পত্র পেয়ে তাঁরা সুবিধাজনক অবস্থানে থাকতেন।

নাসিরের দাবি, সে সময় আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে সাদিক কায়েম ও এসএম ফরহাদরা হল ছাত্রলীগের নেতা হতেন।

তিনি আরও বলেন, একইভাবে এখনো ছাত্রশিবির নীরব ভূমিকা পালন করছে। আওয়ামী লীগ আবার ফিরে এলে যেন তারা ক্ষতিগ্রস্ত না হয়, সে লক্ষ্যেই সংগঠনটি এমন অবস্থান বজায় রাখছে বলে মন্তব্য করেন তিনি। আওয়ামী লীগের কাছে গিয়ে তারা বলতে পারবে, ফিরে আসার পথে কোনো ধরনের বাধা দেওয়া হয়নি। এভাবে আবারও আওয়ামী লীগের ছায়াতলে নিরাপদে থাকার সুযোগ তৈরি হবে।

ছাত্রদল নেতা বলেন, অন্যান্য রাজনৈতিক সংগঠন ও ছাত্রসমাজের তুলনায় ছাত্রশিবিরের অবস্থান ও কর্মকাণ্ড ২০২৪ সালের মতোই সুবিধাবাদী।

এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতের প্রশ্নেও একটি পোস্টে হতাশা প্রকাশ করেন নাসির। তিনি বলেন, পতিত ফ্যাসিস্টের আহ্বান করা কর্মসূচিকে কেন্দ্র করে ক্যাম্পাস অস্থিতিশীল করার অপচেষ্টা প্রতিহত এবং শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার এই সংকটময় সময়ে শিক্ষার্থীদের পাশে না থেকে পর্যটনকেন্দ্রে সময় কাটানোয় শিক্ষার্থীরা হতাশ ও আশাহত হয়েছেন।

নাসিরের ভাষ্য, এই সময়ে শিক্ষার্থীদের পাশে থেকে ছাত্রলীগের যেকোনো অপতৎপরতা রাজপথে মোকাবিলা এবং সাধারণ শিক্ষার্থীদের নিরাপত্তা ও স্বার্থ রক্ষায় সাহসী ভূমিকা রাখলে শিক্ষার্থীরা বেশি খুশি হতেন।

তবে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রশক্তির সভাপতি, সাবেক সমন্বয়ক ও জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানের সহযোদ্ধা হাসিব আল ইসলামের ওপর ছাত্রলীগের হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান তিনি। একই সঙ্গে হামলায় জড়িত ব্যক্তিদের দ্রুত শনাক্ত করে গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবি জানান ছাত্রদলের এই নেতা।

আরও পড়ুন