EN ☀️
×

Follow Us

রাজনীতি

গোলাম পরওয়ার

নূর হোসেনের চেতনায় অগণতান্ত্রিক শক্তির বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়তে হবে

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ১০ নভেম্বর ২০২৬, ০৫:১৮ পিএম

নূর হোসেনের চেতনায় অগণতান্ত্রিক শক্তির বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়তে হবে
অ অ

শহীদ নূর হোসেনের আত্মত্যাগের চেতনায় উজ্জীবিত হয়ে দেশের সব অগণতান্ত্রিক শক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ গণপ্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার।

মঙ্গলবার (১০ নভেম্বর) শহীদ নূর হোসেন দিবস উপলক্ষে দেওয়া এক বিবৃতিতে তিনি এ আহ্বান জানান।

বিবৃতিতে গোলাম পরওয়ার বলেন, ১৯৮৭ সালের ১০ নভেম্বর গণতন্ত্র প্রতিষ্ঠা ও স্বৈরশাসনের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে জীবন উৎসর্গ করেন অকুতোভয় যুবক নূর হোসেন। তাঁর আত্মত্যাগ বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাসে অবিস্মরণীয় অধ্যায় হয়ে রয়েছে।

তিনি বলেন, নূর হোসেনের আত্মত্যাগ দেশের গণতন্ত্রকামী মানুষের মধ্যে স্বৈরাচারবিরোধী আন্দোলনে নতুন প্রেরণা জুগিয়েছিল। তাঁর রক্তের বিনিময়ে সৃষ্ট গণজাগরণ পরবর্তী সময়ে স্বৈরশাসনের পতন ত্বরান্বিত করে। তবে দীর্ঘ আন্দোলন-সংগ্রাম ও অসংখ্য মানুষের আত্মত্যাগের পরও দেশে গণতন্ত্রের প্রাতিষ্ঠানিক ভিত্তি সুদৃঢ় হয়নি।

গণতন্ত্রের নামে ক্ষমতার অপব্যবহার, রাজনৈতিক আধিপত্য, মতপ্রকাশের স্বাধীনতায় হস্তক্ষেপ এবং নাগরিক অধিকার হরণের প্রবণতা গ্রহণযোগ্য নয় উল্লেখ করে তিনি বলেন, গণতন্ত্র কেবল ক্ষমতার পালাবদল নয়। এর প্রকৃত অর্থ জনগণের ভোটাধিকার, রাজনৈতিক স্বাধীনতা, আইনের শাসন, জবাবদিহিমূলক সরকার ও মৌলিক অধিকার নিশ্চিত করা।

গোলাম পরওয়ার আরও বলেন, রাষ্ট্র ও রাজনীতিতে স্বৈরতান্ত্রিক মানসিকতা, দলীয়করণ ও আধিপত্যবাদী প্রবণতার কোনো স্থান থাকতে পারে না। জনগণের অধিকার প্রতিষ্ঠায় সব অগণতান্ত্রিক শক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ গণপ্রতিরোধ গড়ে তুলতে হবে।

বিবৃতিতে তিনি বলেন, শহীদ নূর হোসেনের রক্ত যেন বৃথা না যায়। তাঁর আত্মত্যাগের প্রকৃত মর্যাদা দিতে হলে দেশে গণতন্ত্র, ন্যায়বিচার, আইনের শাসন ও মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠা করতে হবে। গণতন্ত্রবিরোধী যেকোনো শক্তি ও স্বৈরতান্ত্রিক প্রবণতার বিরুদ্ধে দেশপ্রেমিক জনগণকে ঐক্যবদ্ধ, সচেতন ও সোচ্চার হওয়ার আহ্বান জানান তিনি।

বিবৃতির শেষাংশে শহীদ নূর হোসেনের আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে গণতন্ত্র, মানুষের অধিকার ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার আন্দোলনে দেশবাসীকে ঐক্যবদ্ধ ভূমিকা পালনের আহ্বান জানান জামায়াতের এই নেতা।

আরও পড়ুন