EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

সমাজে ভালোবাসা ও ঐক্যের আলো ছড়িয়ে দিতে হবে: প্রিন্স

দীপাবলি উৎসবে বিএনপির যুগ্ম মহাসচিব ও ময়মনসিংহ জেলা পরিষদের প্রশাসক সৈয়দ এমরান সালেহ প্রিন্স

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ০৯ নভেম্বর ২০২৬, ০৮:৪১ এএম

সমাজে ভালোবাসা ও ঐক্যের আলো ছড়িয়ে দিতে হবে: প্রিন্স

সৈয়দ এমরান সালেহ প্রিন্স

অ অ

সমাজের অন্যায়, ঘৃণা ও বিভেদ দূর করে ন্যায়, ভালোবাসা ও ঐক্য প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব ও ময়মনসিংহ জেলা পরিষদের প্রশাসক সৈয়দ এমরান সালেহ প্রিন্স। তিনি বলেছেন, দারিদ্র্য ও বঞ্চনা দূর করে সর্বত্র উন্নয়ন ও সমৃদ্ধির আলো পৌঁছে দিতে হবে।

রবিবার (৮ নভেম্বর) সন্ধ্যায় ময়মনসিংহের হালুয়াঘাট কেন্দ্রীয় শ্মশানঘাটে সনাতন ধর্মাবলম্বীদের দীপাবলি উৎসব উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এ সময় উপস্থিত হিন্দু সম্প্রদায়ের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং দীপাবলি উৎসবের আয়োজন ঘুরে দেখেন তিনি।

অনুষ্ঠানে এমরান সালেহ প্রিন্স বলেন, যেখানে অন্যায় আছে, সেখানে ন্যায়ের আলো; যেখানে ঘৃণা আছে, সেখানে ভালোবাসার আলো; যেখানে বিভেদ আছে, সেখানে ঐক্যের আলো এবং যেখানে দারিদ্র্য ও বঞ্চনা আছে, সেখানে উন্নয়ন ও সমৃদ্ধির আলো পৌঁছে দিতে হবে।

তিনি বলেন, হিন্দুধর্মমতে দীপাবলি শুধু প্রদীপ প্রজ্বালনের উৎসব নয়, এটি অন্ধকার থেকে আলোর পথে যাত্রা, অশুভের বিরুদ্ধে শুভের এবং অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের বিজয়ের প্রতীক। দীপাবলির আলো শুধু ঘরে ঘরে নয়, মানুষের হৃদয়ে, সমাজে ও রাষ্ট্রে ছড়িয়ে দিতে হবে। এমন বাংলাদেশ গড়তে হবে, যেখানে সব ধর্ম-বর্ণের মানুষ সমান অধিকার, নিরাপত্তা ও মর্যাদা নিয়ে শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারবেন।

সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেন, বাংলাদেশ মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টানসহ সব ধর্ম-বর্ণের মানুষের সম্মিলিত সংগ্রাম ও আত্মত্যাগে অর্জিত স্বাধীন দেশ। এ দেশে কারও ধর্মীয় পরিচয়ের কারণে বৈষম্য, নির্যাতন কিংবা নিরাপত্তাহীনতার শিকার হওয়ার সুযোগ নেই। ‘ধর্ম যার যার, রাষ্ট্র সবার’—এই নীতির ভিত্তিতেই সব নাগরিকের সমান অধিকার ও মর্যাদা নিশ্চিত করতে হবে।

দীপাবলি উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের আন্তরিক শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, দীপাবলির আলোয় তাদের জীবনের সব অন্ধকার দূর হোক, শুভ শক্তির জয় হোক এবং মানবতা ও সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় হোক।

তিনি আরও বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান প্রবর্তিত বাংলাদেশি জাতীয়তাবাদের অন্যতম ভিত্তি হচ্ছে ধর্ম-বর্ণ নির্বিশেষে সব বাংলাদেশির ঐক্য। বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকার সব সম্প্রদায়ের মানুষের ধর্মীয় স্বাধীনতা, নিরাপত্তা ও সমান অধিকার নিশ্চিত করতে অঙ্গীকারবদ্ধ।

এমরান সালেহ প্রিন্স বলেন, হালুয়াঘাট ও ধোবাউড়া সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য জনপদ। এখানে মুসলমান, হিন্দু, গারো, হাজংসহ বিভিন্ন সম্প্রদায়ের মানুষ যুগ যুগ ধরে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে বসবাস করছেন। এই সম্প্রীতি আমাদের ঐতিহ্য ও শক্তি। কোনো অপশক্তিকে ধর্মের নামে বিভেদ, বিদ্বেষ কিংবা অশান্তি সৃষ্টি করতে দেওয়া হবে না।

তিনি বলেন, ধর্মীয় উপাসনালয়, শ্মশান, কবরস্থানসহ সব ধর্মীয় প্রতিষ্ঠানের পবিত্রতা, নিরাপত্তা ও মর্যাদা রক্ষা করা আমাদের নৈতিক ও রাষ্ট্রীয় দায়িত্ব। হালুয়াঘাট কেন্দ্রীয় শ্মশানঘাটের প্রয়োজনীয় উন্নয়ন, পরিচ্ছন্নতা, পরিবেশ সংরক্ষণ ও অবকাঠামোগত সুবিধা নিশ্চিত করতে জেলা পরিষদের পক্ষ থেকে দুই লাখ টাকা অনুদান দেওয়ার ঘোষণা দেন তিনি।


অনুষ্ঠানে আরও বক্তব্য দেন হালুয়াঘাট উপজেলা বিএনপির আহ্বায়ক আসলাম মিয়া বাবুল, পৌর বিএনপির আহ্বায়ক হানিফ মোহাম্মদ শাকের উল্লাহ, হিন্দু সম্প্রদায়ের নেতা নরেশ চন্দ্র সরকার, জয়দেব দত্ত, দেবতোষ কুমার সরকার, সুভাষ চন্দ্র সরকার, নয়ন দাস, বিপুল ঘোষ, উত্তম কুমার সরকার, আসাদুজ্জামান আসিফ ও মনিরুজ্জামান স্বাধীন।

এ সময় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী, সনাতন ধর্মাবলম্বী সম্প্রদায়ের নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন