এনসিপি থেকে যে কারণে পদত্যাগ করেছেন সামান্তা শারমিন
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ০৭ নভেম্বর ২০২৬, ০১:৪৪ পিএম
সামান্তা শারমিন
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগ করেছেন দলটির যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন। দলের অভ্যন্তরীণ গণতান্ত্রিক চর্চার অভাব, নিজস্ব রাজনৈতিক আদর্শ বিসর্জন দিয়ে জামায়াতে ইসলামীর সঙ্গে জোট গঠনসহ বিভিন্ন কারণে তিনি পদত্যাগ করেছেন।
শুক্রবার (৬ নভেম্বর) বিকেলে গণমাধ্যমকে এসব কারণের কথা জানান সাবেক এই এনসিপি নেত্রী।
সামান্তা শারমিনের অভিযোগ, জামায়াতের সঙ্গে জোট গঠনের মধ্য দিয়ে এনসিপি তার রাজনৈতিক পরিচয় ও স্বতন্ত্র অবস্থান হারাচ্ছে। দলটি জামায়াতের মধ্যে হারিয়ে যাচ্ছে। এমন একটি দলে থাকা সম্ভব নয় বলেই দীর্ঘ চিন্তাভাবনার পর তিনি পদত্যাগ করেছেন। তাঁর পদত্যাগকে স্বাগত জানিয়েছেন এনসিপি থেকে আগে পদত্যাগ করা শীর্ষ নেতারাও।
সামান্তার মতে, জামায়াতের সঙ্গে ঐক্যের কারণে এনসিপি জুলাইয়ের গণ-আকাঙ্ক্ষা ও নিজস্ব আদর্শিক ভিত্তি বিসর্জন দিয়েছে।
তিনি বলেন, জুলাই আন্দোলনে নারীদের ঐতিহাসিক ভূমিকা থাকলেও এনসিপির শীর্ষ নেতৃত্ব ও সিদ্ধান্ত গ্রহণের জায়গায় নারীদের উপযুক্ত প্রতিনিধিত্ব নিশ্চিত করা হয়নি। বরং দলে চরম বৈষম্য তৈরি করা হয়েছিল।
সামান্তা বলেন, এনসিপি এককভাবে নির্বাচন করলে আরও বেশি আসন পেত। জামায়াত এনসিপিকে ব্যবহার করেছে। এনসিপি ঐক্য না করলে জামায়াত এত আসন পেত না। এনসিপির কারণেই জামায়াত এত আসন পেয়েছে, নতুবা দলটি ১০ থেকে ১২টি আসন পেত।
তিনি আরও বলেন, প্রচলিত রাজনৈতিক বিভাজনের বাইরে গিয়ে একটি নতুন প্রগতিশীল ধারা তৈরি করতে চান তিনি। মানুষ তরুণদের পেছনে ঐক্যবদ্ধ হয়েছিল এমন একটি রাজনৈতিক শক্তির প্রত্যাশা নিয়ে, যারা পুরোনো ক্ষমতাকাঠামোর পুনরাবৃত্তি করবে না; বরং নতুন রাজনৈতিক সংস্কৃতি, গণতান্ত্রিক প্রতিষ্ঠান ও জাতীয় স্বার্থভিত্তিক রাজনীতির পথ তৈরি করবে।
সামান্তা বলেন, এমন অঙ্গীকারবদ্ধ রাজনৈতিক প্ল্যাটফর্ম গড়তে চান তিনি। এ লক্ষ্যে ইতোমধ্যে আলোচনা শুরু করেছেন। সবার সঙ্গে আলোচনা করেই সিদ্ধান্ত নেওয়া হবে। প্রচলিত পুরোনো রাজনৈতিক ধারার দেয়াল ভেঙে সব প্রগতিশীল, মুক্তিকামী ও দেশপ্রেমিক মানুষকে সঙ্গে নিয়ে নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম গড়ে তোলার আকাঙ্ক্ষা নিয়ে এগোচ্ছেন তিনি।
এনসিপির সাবেক যেসব শীর্ষ নেতা দল ছেড়েছেন, তাঁদের কাছ থেকেও ভালোবাসা ও শুভেচ্ছা পাচ্ছেন জানিয়ে সামান্তা বলেন, সবাইকে নিয়েই কাজ করতে চান তিনি।
সূত্র: যুগান্তর
