EN ☀️
×

Follow Us

রাজনীতি

১১ মাসের শিশুকে নিয়ে অসহায়

তৌফিকের পরিবারের পাশে থাকার আশ্বাস বিরোধীদলীয় নেতার

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ০৫ নভেম্বর ২০২৬, ০২:৩২ পিএম

তৌফিকের পরিবারের পাশে থাকার আশ্বাস বিরোধীদলীয় নেতার

ছবি: সংগৃহীত

অ অ

গাজীপুরের শ্রীপুরে শ্রমিক আন্দোলনে নিহত পোশাকশ্রমিক তৌফিক হোসেনের অসহায় পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। ১১ মাসের শিশুসন্তান নিয়ে স্বামীহারা তৌফিকের স্ত্রীর সঙ্গে কথা বলে পরিবারের দায়িত্ব ও দুরবস্থার খোঁজ নিয়েছেন তিনি। একই সঙ্গে তৌফিক হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার নিশ্চিত করার দাবি জানিয়েছেন জামায়াত আমির।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকালে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে এসব তথ্য জানান ডা. শফিকুর রহমান।

পোস্টে তিনি জানান, এদিন বেলা ১১টা ২০ মিনিটে নিহত তৌফিকের স্ত্রী ও বড় ভাইয়ের সঙ্গে মুঠোফোনে কথা বলেন তিনি। এ সময় পরিবারের সদস্যরা কান্নায় ভেঙে পড়েন। তাদের অসহায়ত্বের কথা শুনে গভীর দুঃখ প্রকাশ করেন জামায়াত আমির।

ডা. শফিকুর রহমান জানান, তৌফিক ও তাঁর বড় ভাই দুজনই এতিম। অনেক কষ্টের মধ্য দিয়ে বেড়ে ওঠা দুই ভাই একই পোশাক কারখানায় কাজ করতেন। কিন্তু শ্রমিক আন্দোলনের সময় বড় ভাইয়ের চোখের সামনেই ছোট ভাইকে হারাতে হয়। হাসপাতালে নেওয়ার পরও তৌফিক সংজ্ঞাহীন থাকায় শেষবারের মতো তাঁর সঙ্গে কথাও বলতে পারেননি বড় ভাই।

তৌফিকের পারিবারিক দুরবস্থার কথা তুলে ধরে জামায়াত আমির বলেন, অভাবের কারণে তাঁর স্ত্রীও আগে পোশাক কারখানায় কাজ করতেন। তবে একমাত্র সন্তানের জন্মের পর তার দেখাশোনার জন্য চাকরি ছেড়ে দেন। বর্তমানে তাঁদের সন্তানের বয়স মাত্র ১১ মাস। স্বামীকে হারিয়ে শিশুসন্তানকে নিয়ে চরম অনিশ্চয়তায় পড়েছেন তিনি।

পরিবারটির নিজস্ব কোনো বসতভিটাও নেই। গাইবান্ধার গোবিন্দগঞ্জে মাথা গোঁজার মতো এক ইঞ্চি জমিও নেই তাঁদের। বর্তমানে স্বামীর চাচার ছোট একটি ঘরে আশ্রয় নিয়েছেন তৌফিকের স্ত্রী ও সন্তান।

পোস্টে ডা. শফিকুর রহমান বলেন, তৌফিক হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার নিশ্চিত করতে হবে। দরিদ্র মানুষের বিচার পাওয়ার সুযোগ নিয়ে সংশয় থাকলেও তাঁরা ন্যায়বিচারের দাবি জানাবেন। বিচার নিশ্চিত হলে অসহায় স্ত্রী ও পরিবার কিছুটা হলেও সান্ত্বনা পাবে।

এদিকে, নিহতের পরিবারের সঙ্গে ফোনালাপের সময় উপস্থিত ছিলেন জামায়াতের গাইবান্ধা জেলা শাখার আমির ও সংসদ সদস্য আব্দুল করিম, সাবেক জেলা আমির ও গোবিন্দগঞ্জ আসনে সাবেক সংসদ সদস্য প্রার্থী ডা. আব্দুর রহিম সরকার, গোবিন্দগঞ্জ উপজেলা জামায়াতের আমিরসহ স্থানীয় নেতারা। তাঁরা শোকসন্তপ্ত পরিবারের খোঁজখবর নিতে ও সান্ত্বনা জানাতে সেখানে উপস্থিত হন।

আরও পড়ুন