ঢাকা মহানগরী উত্তর জামায়াতের আমির নির্বাচিত সেলিম উদ্দিন
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ০৫ নভেম্বর ২০২৬, ১২:৫৪ এএম
বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরী উত্তরের ২০২৭-২০২৮ সেশনের আমির নির্বাচিত হয়েছেন মোহাম্মদ সেলিম উদ্দিন।
বুধবার (৪ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর মগবাজারে দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠকে তাঁর নাম ঘোষণা করেন জামায়াতের আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।
দলীয় সূত্রে জানা গেছে, গত ২৩ অক্টোবর রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত সম্মেলনে ২০২৭-২০২৮ সেশনের আমির নির্বাচনের ভোট গ্রহণ করা হয়। এতে ঢাকা মহানগরী উত্তরের ১৩ হাজার রুকন ভোট দেন। পুরুষ ও নারী রুকনরা প্রত্যক্ষ ও গোপন ব্যালটে তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেন।
নির্বাচনে কমিশনারের দায়িত্ব পালন করেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মো. মোবারক হোসেন। তাঁকে সহযোগিতা করেন ঢাকা মহানগরী দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুল। ১৩টি বুথে ভোট গ্রহণ করা হয়। কেন্দ্র থেকে পাঠানো কেন্দ্রীয় প্রধান নির্বাচন কমিশনার এ টি এম মাসুম স্বাক্ষরিত ব্যালট পেপারে পছন্দের দায়িত্বশীলের নাম লিখে ব্যালট বাক্সে জমা দেন ভোটাররা।
জামায়াতের গঠনতন্ত্র অনুযায়ী, দলের সব পর্যায়ের নির্বাচন গণতান্ত্রিক পদ্ধতিতে অনুষ্ঠিত হয়। সর্বোচ্চ ভোটপ্রাপ্ত ব্যক্তি নির্বাচিত হন। দলটির দাবি, নেতৃত্ব নির্বাচনে কোনো প্রার্থী থাকেন না এবং পদপ্রত্যাশী হওয়া অযোগ্যতা হিসেবে বিবেচিত হয়।
মোহাম্মদ সেলিম উদ্দিন এর আগে ২০০৩ সালে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল এবং ২০০৪-২০০৫ সালে সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি ছিলেন। ছাত্রজীবন শেষে তিনি দিগন্ত টেলিভিশনের অন্যতম উদ্যোক্তা হিসেবে ভূমিকা রাখেন এবং ডেপুটি এক্সিকিউটিভ ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করেন।
এ ছাড়া তিনি ২০০৮ থেকে ২০১১ সাল পর্যন্ত রমনা থানার আমির, ২০১২ থেকে ২০১৬ সাল পর্যন্ত অবিভক্ত ঢাকা মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি এবং ২০১৭ থেকে ২০২৪ সাল পর্যন্ত কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। একই সময়ে তিনি ঢাকা মহানগরী উত্তরের আমিরের দায়িত্বেও ছিলেন।