EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

জনগণের ভোটের দাবি ও জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে: বিরোধীদলীয় নেতা

ডেইলি সান রিপোর্ট, ফরিদপুর

প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৬, ০৯:৫৫ পিএম

জনগণের ভোটের দাবি ও জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে: বিরোধীদলীয় নেতা
অ অ

জনগণের ভোটের দাবি ও জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, জনগণের দাবি বাস্তবায়ন না করে সরকার বিশ্বাসঘাতকতার পরিচয় দিয়েছে।

জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ, তেল, গ্যাস ও সারের সংকট নিরসন এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ করতে হবে। একই সঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ও সংকীর্ণ দলীয়করণ বন্ধ করতে হবে। এসব দাবি পূরণ না হলে দাবি আদায়ে নতুন কর্মসূচি ঘোষণা করা হবে।

দুর্নীতি, চাঁদাবাজি ও দখলদারত্বের কারণে জনজীবনে দুর্বিষহ পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

শনিবার (৩১ অক্টোবর) দুপুরে ফরিদপুরের ভাঙ্গা বিশ্বরোডে পৌরসভা-সংলগ্ন এলাকায় যাত্রাবিরতিকালে সংক্ষিপ্ত বক্তব্যে এসব কথা বলেন ডা. শফিকুর রহমান। ঢাকা-খুলনা-কুষ্টিয়া অভিমুখে ১১-দলীয় জোটের লংমার্চ কর্মসূচির অংশ হিসেবে সেখানে যাত্রাবিরতি করেন তিনি।

এদিন ডা. শফিকুর রহমানের বিশাল গাড়িবহর ভাঙ্গায় পৌঁছালে তাকে স্বাগত জানান হাজারো নেতা-কর্মী। এ সময় তারা হাতে প্ল্যাকার্ড নিয়ে বিভিন্ন স্লোগান দেন। নারী-পুরুষসহ শত শত নেতা-কর্মী সকাল থেকেই বিশ্বরোডের পৌরসভা-সংলগ্ন এলাকায় জড়ো হতে থাকেন। সড়কের দুই পাশে দলীয় ব্যানার নিয়ে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে তারা লংমার্চের বহরকে স্বাগত জানান।

এ সময় তার সফরসঙ্গী হিসেবে ১১-দলীয় জোটের নেতারা উপস্থিত ছিলেন। ভাঙ্গায় তাকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা জামায়াতের আমির মাওলানা বদরউদ্দিন, জেলা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি সালাউদ্দিন, জামায়াত নেতা রিপন সরকার, উপজেলা জামায়াতের আমির মাওলানা সরোয়ার হোসাইন, পৌর জামায়াতের আমির ডা. মো. এনায়েত হোসেন, জামায়াত নেতা মফিজুল ইসলাম মাসুদ ও মো. হাফিজুল ইসলাম। এ ছাড়া সদরপুর ও চরভদ্রাসন উপজেলার জামায়াতের নেতা-কর্মীরাও উপস্থিত ছিলেন।

এ উপলক্ষে ভাঙ্গায় আয়োজিত সমাবেশে জামায়াত ও সহযোগী সংগঠনের নেতারা বক্তব্য দেন। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমানের তত্ত্বাবধানে বিপুলসংখ্যক পুলিশ সদস্য দায়িত্ব পালন করেন।

আরও পড়ুন