EN ☀️
×

Follow Us

রাজনীতি

আ. লীগের সঙ্গে জামায়াতের ‘তলে তলে খাতির’ আড়াল করা যাবে না: প্রিন্স

ডেইলি সান রিপোর্ট,ময়মনসিংহ

প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৬, ০৬:৩১ পিএম

আ. লীগের সঙ্গে জামায়াতের ‘তলে তলে খাতির’ আড়াল করা যাবে না: প্রিন্স
অ অ

বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, বিএনপির বিরুদ্ধে কল্পকাহিনি প্রচার করে আওয়ামী লীগের সঙ্গে জামায়াতের ‘তলে তলে খাতির’ আড়াল করা যাবে না। আওয়ামী লীগের পাশাপাশি দলটির ‘প্রভু’ হিসেবে পরিচিত একটি দেশের সঙ্গেও জামায়াতের ঘনিষ্ঠতা এখন ‘ওপেন সিক্রেট’।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিকেলে ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার মুন্সিরহাটে মাদ্রাসা মাঠে বাঘবেড় ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের ওয়ার্ড পর্যায়ের নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। সভায় দেশের রাজনৈতিক পরিস্থিতি ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন নিয়ে স্থানীয় নেতারা তাদের মতামত তুলে ধরেন।

সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেন, ২০০৬ সালের ২৮ অক্টোবরের রক্তাক্ত ঘটনাকে কেন্দ্র করে বিএনপির সঙ্গে আওয়ামী লীগের ‘তলে তলে খাতির’ ছিল বলে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার যে বক্তব্য দিয়েছেন, তা ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত। 

‘এটি রাজনৈতিক অসততার বহিঃপ্রকাশ। নিজেদের রাজনৈতিক ব্যর্থতা ও ঐতিহাসিক দায় আড়াল করতে বিএনপির বিরুদ্ধে মনগড়া অভিযোগ তুলে জনগণকে বিভ্রান্ত করা যাবে না।’

প্রিন্স বলেন, ২৮ অক্টোবরের হত্যাকাণ্ড বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের একটি কলঙ্কজনক অধ্যায়। প্রকাশ্য দিবালোকে সংঘটিত ওই সহিংসতার দায় কোনো রাজনৈতিক সমঝোতার কল্পকাহিনি দিয়ে আড়াল করা যায় না। ঘটনাটিকে ব্যবহার করে বিএনপির বিরুদ্ধে মিথ্যা অপবাদ দেওয়া দুঃখজনক। একই সঙ্গে এটি রাজনৈতিক অস্থিরতা সৃষ্টির অপচেষ্টা।

তিনি আরও বলেন, বিএনপিকে আওয়ামী লীগের সঙ্গে এক কাতারে দাঁড় করানোর চেষ্টা মূলত আওয়ামী লীগের অতীত কর্মকাণ্ডের দায় মুছে দেওয়ার শামিল। যারা আওয়ামী লীগের শাসনের বিরুদ্ধে বিএনপির দীর্ঘদিনের সংগ্রাম অস্বীকার করতে চান, তারা ইতিহাসের সত্যকেই অস্বীকার করছেন। বিএনপির বিরুদ্ধে কাল্পনিক আঁতাতের গল্প ছড়িয়ে নিজেদের রাজনৈতিক দেউলিয়াত্ব আড়াল করা যাবে না। ইতিহাস বিকৃত করা গেলেও এর সত্য মুছে ফেলা যায় না।

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন প্রসঙ্গে বিএনপির এই নেতা বলেন, জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতা বিবেচনায় স্থানীয় নেতাকর্মীদের মতামতের ভিত্তিতে একজনকে দলের পক্ষ থেকে সমর্থন দেওয়া হবে। দল যাকে সমর্থন দেবে, সবাইকে ঐক্যবদ্ধভাবে তার বিজয়ের জন্য কাজ করতে হবে। দলের সিদ্ধান্ত অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

ডিসেম্বরকে কেন্দ্র করে ফ্যাসিবাদের দোসরদের তৎপরতার বিষয়ে নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানান প্রিন্স। তিনি বলেন, ফ্যাসিবাদের কোনো ষড়যন্ত্র বরদাস্ত করা হবে না।

বাঘবেড় ইউনিয়ন বিএনপির আহ্বায়ক, সাবেক চেয়ারম্যান ফরহাদ রাব্বানী সুমনের সভাপতিত্বে ও সদস্য সচিব সিরাজুল ইসলাম সরকারের সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় ধোবাউড়া উপজেলা বিএনপির সদস্য সচিব আনিসুর রহমান মানিক, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল কুদ্দুস, মাহবুবুল আলম বাবুল, জেলা যুবদলের সহ সভাপতি আবুল কাশেম ডলার, জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক ফারুক হোসেন, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সিরাজুল ইসলাম, ইউনিয়ন নেতা মো. শাজাহান, আবদুস শহীদ আকন্দ, মাহবুবুল আলম মাসুম, আমিনুল ইসলাম,ইদ্রিস আলী,আলাল উদ্দিনসহ ইউনিয়ন , ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

আরও পড়ুন