বিরোধী নেতাদের অসহিষ্ণু বক্তব্য রাজনীতিকে ‘পয়েন্ট অব নো রিটার্নে’ নিতে পারে: প্রিন্স
ডেইলি সান রিপোর্ট,ময়মনসিংহ
প্রকাশ: ২৮ অক্টোবর ২০২৬, ০৬:৫৮ পিএম
বিরোধী দলের নেতাদের অসহিষ্ণু, উসকানিমূলক ও লাগামহীন বক্তব্য ও কর্মকাণ্ড রাজনীতিকে ‘পয়েন্ট অব নো রিটার্নে’ নিয়ে যেতে পারে বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স। তিনি বলেন, বিএনপি রাজনৈতিক প্রতিযোগিতা চায়, সংঘাত নয়। যুক্তিনির্ভর বিতর্ক চায়, উসকানি নয়।
বুধবার (২৮ অক্টোবর) বিকেলে ময়মনসিংহের হালুয়াঘাট পৌর শহরের জয়িতা মহিলা মার্কেট প্রাঙ্গণে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জামায়াত-এনসিপি জোটের নেতাদের সাম্প্রতিক বক্তব্যের সমালোচনা করে সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেন, তাদের লাগামহীন উসকানিমূলক বক্তব্য, রাজনৈতিক কর্মকাণ্ড ও অবস্থান থেকে মনে হচ্ছে, তারা ফ্যাসিস্টদের সঙ্গে হাত মিলিয়ে গভীর কোনো চক্রান্তে লিপ্ত হয়েছেন। প্রধানমন্ত্রী তারেক রহমান গোয়েন্দা তথ্যের ভিত্তিতে দুই পক্ষের এক হওয়ার বিষয়ে সতর্ক করার পর থেকে তাদের বক্তব্যের ভাষা ও রাজনৈতিক আচরণ আরও আক্রমণাত্মক হয়েছে।
প্রিন্স বলেন, জনগণের নির্বাচিত প্রধানমন্ত্রীকে অবৈধ বলা, নির্বাচনকে অসাংবিধানিক আখ্যা দেওয়া এবং জনগণের রায়কে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা সেই সন্দেহ আরও ঘনীভূত করছে।
তিনি বলেন, রাজনৈতিক প্রতিযোগিতা হতে হবে জনগণের কল্যাণে, উন্নয়ন কর্মসূচিতে এবং গণতান্ত্রিক প্রক্রিয়ায়। কিন্তু জনগণের ভোটের রায় অস্বীকার করে দেশকে সংঘাত ও অরাজকতার দিকে ঠেলে দেওয়ার চেষ্টা হলে জনগণকে সঙ্গে নিয়ে শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক প্রতিরোধ গড়ে তোলা হবে। গণতন্ত্রের সুযোগ নিয়ে গণতন্ত্র ধ্বংসের চেষ্টা বরদাশত করা হবে না।
বিএনপির এই নেতা বলেন, বিএনপি প্রতিহিংসা বা বিভাজনের রাজনীতি করে না। দলটি জনগণের অধিকার, গণতান্ত্রিক জবাবদিহি, আইনের শাসন ও জাতীয় ঐক্যে বিশ্বাস করে। বিরোধী দলের গণতান্ত্রিক অধিকারকে বিএনপি সম্মান করে। তবে বিরোধিতার নামে ভিত্তিহীন অভিযোগ, উসকানি ও রাজনৈতিক অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা দায়িত্বশীল রাজনীতির পরিচয় নয়।
তারেক রহমানের নেতৃত্বে বিএনপি ও যুবদল জনগণের কাছে দেওয়া অঙ্গীকার বাস্তবায়নে কাজ করছে উল্লেখ করে প্রিন্স বলেন, সরকারের মূল লক্ষ্য মানুষের জীবনমান উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, শিক্ষা ও স্বাস্থ্যসেবার সম্প্রসারণ, সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করা। কোনো রাজনৈতিক উসকানি বা ষড়যন্ত্র সরকারের অগ্রযাত্রা বাধাগ্রস্ত করতে পারবে না।
তিনি আরও বলেন, জনগণ পাঁচ বছরের জন্য তারেক রহমান ও বিএনপিকে দেশ পরিচালনার দায়িত্ব দিয়েছে। অথচ জামায়াত-এনসিপি জোটের নেতারা জনগণের ভোটে নির্বাচিত সরকারকে তুড়ি মেরে উড়িয়ে দিতে চান।
প্রিন্স বলেন, তারেক রহমান ও বিএনপি কচুপাতার ওপর পানি নয় যে টোকা দিলেই গড়িয়ে পড়বে। বিএনপি কোনো ষড়যন্ত্রের মাধ্যমে গড়ে ওঠা রাজনৈতিক শক্তি নয়। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত এবং বেগম খালেদা জিয়ার নেতৃত্বে দীর্ঘ গণতান্ত্রিক সংগ্রামের মধ্য দিয়ে বিকশিত এই দলের শিকড় এ দেশের মাটি ও মানুষের গভীরে। হুমকি, অপপ্রচার বা রাজনৈতিক ষড়যন্ত্র দিয়ে দলটিকে দুর্বল করা যাবে না।
বিএনপির এই যুগ্ম মহাসচিব বলেন, যারা জনগণের ভোটে নির্বাচিত সরকারকে ভোটবিহীন সরকারের সঙ্গে এক কাতারে দাঁড় করাতে চান, তাদের কাছে প্রশ্ন—নির্বাচিত ও বৈধ সরকারের সঙ্গে অনির্বাচিত ও অবৈধ সরকারের পার্থক্য কি তারা বোঝেন না, নাকি জেনেশুনেই জনগণকে বিভ্রান্ত করছেন?
তিনি বলেন, রাজনৈতিক বিরোধিতার নামে জনগণের রায় অস্বীকার করা গণতান্ত্রিক রাজনীতি হতে পারে না। সরকারের সমালোচনা করতে হবে, ভুলত্রুটি তুলে ধরতে হবে এবং বিকল্প কর্মসূচি দিতে হবে। কিন্তু উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে সাংবিধানিক ব্যবস্থাকে অস্থিতিশীল করার চেষ্টা করা উচিত নয়।
ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সহসভাপতি তারিকুল ইসলাম চঞ্চলের সভাপতিত্বে সভায় সঞ্চালনা করেন জেলা বিএনপির যুগ্ম সম্পাদক আব্দুল মালেক।
সভায় বক্তব্য দেন হালুয়াঘাট উপজেলা বিএনপির আহ্বায়ক আসলাম মিয়া বাবুল, সদস্যসচিব আবু হাসনাত বদরুল কবীর, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক সুলতান মহিউদ্দিন, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কাজী ফরিদ আহমেদ পলাশ এবং যুবদল নেতা নাজমুল হুদা, আসাদুজ্জামান আসিফ, আক্তার হোসেন, কামরুল ইসলাম, আবদুল মালেক সোহান, এম বি রায়হান, আবু নাসের, ফয়সাল আহমেদ রনি, আবু কাউসার ও এনামুল হাসান লাভিন।