EN ☀️
×

Follow Us

রাজনীতি

আজ যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী, দুই দিনের কর্মসূচি

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ২৭ অক্টোবর ২০২৬, ০৯:২৮ এএম

আজ যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী, দুই দিনের কর্মসূচি
অ অ

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ মঙ্গলবার। এ উপলক্ষে দুই দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে সংগঠনটি। কর্মসূচির মধ্যে রয়েছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে পুষ্পার্ঘ্য অর্পণ, দোয়া, রক্তদান, বিনা মূল্যে চিকিৎসাসেবা এবং দেশব্যাপী বিভিন্ন সামাজিক কার্যক্রম।

যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আজ বেলা ১১টায় রাজধানীর আগারগাঁওয়ে জিয়া উদ্যানে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে পুষ্পার্ঘ্য অর্পণ ও দোয়া অনুষ্ঠিত হবে।

এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর। কেন্দ্রীয় যুবদল এবং ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ যুবদলের নেতাকর্মীরাও এতে অংশ নেবেন।

এরপর দুপুর ১২টায় নয়াপল্টনে যুবদলের কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় রক্তদান কর্মসূচি ও বিনামূল্যে চিকিৎসাসেবা কার্যক্রম শুরু হবে।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেশব্যাপী জেলা ও মহানগর পর্যায়ে আলোচনা সভা, র‌্যালি, সমাবেশ, স্বেচ্ছায় রক্তদান, বিনামূল্যে চিকিৎসাসেবা, বৃক্ষরোপণ, পরিচ্ছন্নতা অভিযান, মাছের পোনা অবমুক্তকরণ এবং দুস্থদের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণসহ বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক কর্মসূচি পালন করা হবে। সংশ্লিষ্ট ইউনিটগুলো নিজ নিজ সুবিধা অনুযায়ী এসব কর্মসূচির সময় নির্ধারণ করবে।

ঘোষিত কর্মসূচির দ্বিতীয় দিনে, ২৮ অক্টোবর উপজেলা, থানা, পৌরসভা ও অধস্তন ইউনিটগুলোও একই ধরনের কর্মসূচি পালন করবে। এর মধ্যে আলোচনা সভা, র‌্যালি, সমাবেশ, রক্তদান, বিনা মূল্যে চিকিৎসাসেবা, বৃক্ষরোপণ, পরিচ্ছন্নতা অভিযান, মাছের পোনা অবমুক্তকরণ ও দুস্থদের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ রয়েছে।

এসব কর্মসূচির মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করবে সংগঠনটি।

আরও পড়ুন