EN ☀️
×

Follow Us

রাজনীতি

সিটি নির্বাচনে সর্বোচ্চ সামর্থ্য দিয়ে কাজের আহ্বান শফিকুর রহমানের

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ২৩ অক্টোবর ২০২৬, ০৪:৪০ পিএম

সিটি নির্বাচনে সর্বোচ্চ সামর্থ্য দিয়ে কাজের আহ্বান শফিকুর রহমানের

ছবি: সংগৃহীত

অ অ

আসন্ন সিটি করপোরেশন নির্বাচনে সর্বোচ্চ সামর্থ্য দিয়ে কাজ করতে নেতা-কর্মীদের আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। একই সঙ্গে সংগঠনের দায়িত্বশীলদের ত্যাগ, নৈতিকতা ও সাংগঠনিক দক্ষতা বাড়ানোর ওপর গুরুত্ব দিয়েছেন তিনি।

শুক্রবার (২৩ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তরের রুকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ডা. শফিকুর রহমান।

তিনি বলেন, ‘আমাদের মূল টার্গেট হলো আল্লাহর জান্নাতে যাওয়া।’ দিন এনে দিন খাওয়া মানুষের অবদানও আল্লাহর পথে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন তিনি। ২০২৪ সালের গণ-অভ্যুত্থানে ৭০ শতাংশ মানুষ অংশ নিয়েছিলেন, যাঁরা দিন এনে দিন খান বলেও দাবি করেন জামায়াতের আমির।

সংগঠনের অতীতের নেতা-কর্মীদের ত্যাগ ও পরিশ্রমের কথা তুলে ধরে তিনি বলেন, তাঁদের অবদানেই ঢাকা মহানগরী উত্তর ও দক্ষিণের সাংগঠনিক অবস্থার উন্নতি হয়েছে। বর্তমান দায়িত্বশীলদেরও নৈতিকতা, দক্ষতা ও দায়িত্বশীলতা বাড়াতে হবে।

জাতীয় নির্বাচন প্রসঙ্গে ডা. শফিকুর রহমান বলেন, ভোট দেওয়ার পরও তা রক্ষা করতে না পারার অভিযোগ জনগণের কাছ থেকে শুনতে হয়েছে। নির্বাচনে নিজেদের ভুল ও দুর্বলতা চিহ্নিত করা হয়েছে উল্লেখ করে তিনি ভবিষ্যতে একই ভুলের পুনরাবৃত্তি না করার আহ্বান জানান।

আসন্ন সিটি করপোরেশন নির্বাচন নিয়ে তিনি বলেন, দিনরাত সর্বোচ্চ সামর্থ্য দিয়ে কাজ করতে হবে। জনগণকে সঙ্গে নিয়ে দুর্বৃত্তদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আমরা থামব না, আমাদের থামার সুযোগ নেই।’ সৎ, যোগ্য ও খোদাভীরু নেতৃত্ব প্রতিষ্ঠায় সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।

সম্মেলনে ঢাকা মহানগরী উত্তরের উদ্যোগে তৈরি ‘নাগরিক সেবা’ অ্যাপ উদ্বোধন করেন ডা. শফিকুর রহমান। আয়োজকদের ভাষ্য, অ্যাপটিতে নাগরিকদের জন্য ৫০টির বেশি সেবামূলক সুবিধা রয়েছে।


বিশেষ অতিথির বক্তব্যে জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, রুকনিয়াত কোনো পদ-পদবি বা ক্ষমতা নয়; এটি নীতি-নৈতিকতা বজায় রাখার দায়িত্ব। রুকনদের মান ও আত্মিক শক্তি বাড়লে সংগঠনও শক্তিশালী হবে। আগামী মেয়র নির্বাচনে ত্যাগ ও পরিশ্রমের মাধ্যমে কাঙ্ক্ষিত সাফল্য অর্জনের আহ্বান জানান তিনি।

ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন বলেন, শুধু রুকন সংখ্যা বাড়ালেই হবে না, সদস্যদের মান, দক্ষতা ও শৃঙ্খলাও উন্নত করতে হবে।

সম্মেলনটি নির্বাচনী ও সাংগঠনিক—দুই অধিবেশনে অনুষ্ঠিত হয়। নির্বাচনী অধিবেশনে ২০২৭-২০২৮ সেশনের জন্য ঢাকা মহানগরী উত্তরের আমির নির্বাচনে ১৩ হাজারের বেশি রুকন ভোট দেন। পরে সাংগঠনিক অধিবেশনে দলের কেন্দ্রীয় ও মহানগর পর্যায়ের নেতারা বক্তব্য দেন।

আরও পড়ুন