দুর্গাপূজা নিয়ে ডা. তাহেরের নামে ভুয়া ফটোকার্ড, জামায়াতের প্রতিবাদ
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ২০ অক্টোবর ২০২৬, ১১:৫০ এএম
দুর্গাপূজা নিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও বিরোধীদলীয় উপনেতা ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহেরের নামে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো একটি ফটোকার্ডকে ভুয়া ও বানোয়াট বলে দাবি করেছে দলটি। এ ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
মঙ্গলবার (২০ অক্টোবর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে দলের সহকারী সেক্রেটারি জেনারেল ও প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এ প্রতিবাদ জানান।
বিবৃতিতে তিনি বলেন, ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের দীর্ঘদিন ধরে অসুস্থতায় ভুগছেন। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে ফেসবুকে ‘জোবায়দা রহমান’ নামের একটি আইডি থেকে ‘দুর্গাপূজা শুধু হিন্দুদের নয়, এটি আমাদেরও: জামায়াত নেতা তাহের’ শিরোনামে একটি ফটোকার্ড ছড়ানো হয়েছে। ফটোকার্ডটি মিথ্যা ও ভুয়া বলে দাবি করেন তিনি।
এহসানুল মাহবুব জুবায়ের বলেন, এ ধরনের অপপ্রচারের মাধ্যমে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করা হচ্ছে। তিনি এ ঘটনার নিন্দা জানিয়ে দেশবাসীকে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানান।
বিবৃতিতে তিনি আরও বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে সম্মানিত ব্যক্তিদের জড়িয়ে বানোয়াট তথ্য ছড়িয়ে তাদের বিতর্কিত করা ও সম্মানহানির চেষ্টা থেকে সংশ্লিষ্টদের বিরত থাকা উচিত।
এ ধরনের কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি দাবি জানান জামায়াতের এই নেতা।