EN ☀️
×

Follow Us

রাজনীতি

ঝিনাইদহের ডিসির ‘হাতে চুড়ি পরিয়ে দেওয়ার’ হুমকি জামায়াত নেতার

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ১৯ অক্টোবর ২০২৬, ০৪:৪০ পিএম

ঝিনাইদহের ডিসির ‘হাতে চুড়ি পরিয়ে দেওয়ার’ হুমকি জামায়াত নেতার

ঝিনাইদহের ডিসি মো. নোমান হোসেন ও জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যক্ষ আব্দুল হাই। ছবি: সংগৃহীত

অ অ

ঝিনাইদহের জেলা প্রশাসককে উদ্দেশ্য করে ঝিনাইদহ জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যক্ষ আব্দুল হাই বলেন,   “আপনি পুরুষ মানুষ যদি হন, তাহলে পুরুষত্বের দায়িত্ব পালন করুন। আর যদি আপনি মেয়ে মানুষ হন, তাহলে আপনার হাতে আমরা চুড়ি পরিয়ে দেবো।” মূলত জেলায় সার ডিলার নিয়োগে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ও প্রতিবাদ জানিয়ে ডিসি মো. নোমান হোসেনকে এসব মন্তব্য করেন দলটির কেন্দ্রীয় মজলিসের এই শূরা সদস্য।

সোমবার (১৯ অক্টোবর) ঝিনাইদহ শহরের পায়রা চত্বরে জেলা জামায়াতে ইসলামীর আয়োজিত এক মানববন্ধনে বক্তব্য দিতে গিয়ে এসব কথা বলেন তিনি।

এসময় জেলা প্রশাসককে (ডিসি) দেয়া ডিলারশিপ বাতিলের দাবি জানান তিনি। দাবি পূরণ না হলে জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাওসহ আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন তিনি।

অধ্যক্ষ আব্দুল হাই বলেন, ‘‘আপনাকে আমরা ঝিনাইদহে ডিসি হিসেবে দায়িত্ব পালন করতে দেব না। ঝিনাইদহ থেকে আপনাকে বিদায় নিতেই হবে।”

জেলা প্রশাসকের উদ্দেশে তিনি আরও বলেন, “আমরা কাউকে অসম্মান করতে চাই না। সম্মানের সঙ্গে বলছি, আপনি নিজেকে সংশোধন করুন। এই অনিয়ম বন্ধ করুন এবং দুর্নীতির আখড়া বানিয়ে ফেলা জেলা প্রশাসকের কার্যালয়কে দুর্নীতিমুক্ত করুন।’’

মানববন্ধনে অধ্যক্ষ আব্দুল হাই অভিযোগ করেন, ঝিনাইদহে অন্যায় ও দুর্নীতি বেড়েছে। জেলা পরিষদ ও জেলা প্রশাসকের কার্যালয়ে আত্মীয়কেন্দ্রিক নিয়োগ এবং নিয়োগ-বাণিজ্য হচ্ছে বলেও দাবি করেন তিনি। তাঁর ভাষ্য, জেলা পরিষদ ও প্রশাসনের বিভিন্ন নিয়োগে কত টাকার লেনদেন হয়েছে, তা তাঁদের জানা আছে।

তিনি আরও বলেন, “আজ বাংলাদেশ শালাবাবুদের দেশে পরিণত হয়েছে। আওয়ামী লীগ করুক আর যা-ই করুক, সে যদি বড় নেতার শালাবাবু হয়, তাহলে সবকিছুই পাবে। এটা চলতে দেয়া যাবে না।”

বিএনপির সমালোচনা করে জামায়াতের এই নেতা বলেন, “সাধের লাউ বানাইলো মোদের বৈরাগী। আজ ক্ষমতার বৈরাগী বানিয়ে ফেলেছে বিএনপিকে। আপনারা দেশের সবকিছু একাই ভোগ করবেন, সব আপনাদের—আর ক্ষমতার বৈরাগী যা ইচ্ছা তাই করা শুরু করে দিয়েছেন। আমরা স্পষ্ট করে বলছি, তা হবে না।”

মানববন্ধনে জামায়াতের জেলা নায়েবে আমির ও ঝিনাইদহ পৌরসভার সম্ভাব্য মেয়র প্রার্থী আব্দুল আলিম, ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য মো. মতিয়ার রহমান, ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আবু তালেব, জেলা জামায়াতের সেক্রেটারি আব্দুল আউয়াল এবং সদর উপজেলা জামায়াতের আমির ড. হাবিবুর রহমান, বিভিন্ন পর্যায়ের নেতা ও সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন