EN ☀️
×

Follow Us

রাজনীতি

অসুস্থ ছাত্রদল নেতা সাইফুলের পাশে প্রধানমন্ত্রী তারেক রহমান

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ১১ অক্টোবর ২০২৬, ০৪:১৭ পিএম

অসুস্থ ছাত্রদল নেতা সাইফুলের পাশে প্রধানমন্ত্রী তারেক রহমান

ছবি: সংগৃহীত

অ অ

খুলনা মহানগর ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক খান সাইফুলের চিকিৎসার ব্যবস্থা করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক হিসেবেও তিনি সাইফুলের চিকিৎসার বিষয়ে উদ্যোগ নিয়েছেন।

খুলনায় চিকিৎসাধীন অবস্থায় খান সাইফুলের দেওয়া বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা প্রধানমন্ত্রীর নজরে আসে। এরপর তিনি তাঁর অতিরিক্ত প্রেস সচিব আতিউর রহমান রুমনকে সাইফুলের চিকিৎসার ব্যবস্থা করতে এবং সার্বিক বিষয় তদারক করতে নির্দেশ দেন। প্রধানমন্ত্রীর কার্যালয়ের সঙ্গে সংযুক্ত অধ্যাপক ডা. শাহ মুহাম্মদ আমান উল্লাহও চিকিৎসার ব্যবস্থা তদারক করেন।

রোববার (১১ অক্টোবর) সাইফুলকে ঢাকার আগারগাঁওয়ে জাতীয় নিউরোসায়েন্সেস হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. মো. নুরুজ্জামান খানের অধীনে তাঁর চিকিৎসা চলছে। 

অধ্যাপক ডা. নুরুজ্জামান খান জানান, আগামী এক থেকে দুই দিনের মধ্যে বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে একটি মেডিকেল বোর্ড গঠন করা হবে। ওই বোর্ডের মাধ্যমে সাইফুলের চিকিৎসা অব্যাহত থাকবে।

এ সময় হাসপাতালের অ্যানেসথেসিয়া বিভাগের প্রধান অধ্যাপক ডা. এ জেড এম সাইফুদ্দিন, ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্যসচিব কৃষিবিদ মকছেদুল মোমিন (মিথুন), ড্যাবের আইনবিষয়ক সম্পাদক ডা. এম আর হাসান, আবাসিক চিকিৎসক ডা. মো. মাজহারুল ইসলাম, ছাত্রদলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক হাসনাইন নাহিয়ান সাজীব, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ছাত্রদলের আহ্বায়ক ডা. জহিরুল ইসলাম, ছাত্রদল নেতা মশিউর রহমান মহান এবং শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নেতা শোয়াইব ইসলাম উপস্থিত ছিলেন।

২০১৩ সালে তৎকালীন সরকারের আমলে পুলিশের নির্যাতনের শিকার হওয়ার অভিযোগের পর থেকে দীর্ঘদিন ধরে অসুস্থতায় ভুগছেন খান সাইফুল। এর আগেও প্রধানমন্ত্রীর নির্দেশনায় ঢাকার বিভিন্ন হাসপাতালে তাঁর চিকিৎসার ব্যবস্থা করা হয়েছিল।

আরও পড়ুন