দুর্গাপূজার প্রস্তুতি ও নিরাপত্তা নিয়ে বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে আলোচনা
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ১১ অক্টোবর ২০২৬, ০৩:৫৪ এএম
দুর্গাপূজার সার্বিক প্রস্তুতি, নিরাপত্তা ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার বিষয়টি গুরুত্ব পেয়েছে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির বৈঠকে। এ উপলক্ষে দলের নেতাকর্মীদের সতর্ক থাকার পাশাপাশি হিন্দু সম্প্রদায়ের মানুষের পাশে দাঁড়ানো এবং পূজামণ্ডপে স্বেচ্ছাসেবকের ভূমিকা পালনের নির্দেশনা দেওয়া হয়েছে।
শনিবার (১০ অক্টোবর) সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।
বৈঠকে প্রধানমন্ত্রীর জাতিসংঘের সাধারণ অধিবেশনে দেওয়া বক্তব্যের উল্লেখযোগ্য দিক, পরবর্তী জাপান সফর, দেশের সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতি, আইনশৃঙ্খলা পরিস্থিতি, আসন্ন স্থানীয় সরকার নির্বাচন এবং দলীয় সাংগঠনিক বিষয় নিয়ে আলোচনা হয়। তবে দুর্গাপূজার সার্বিক পরিবেশ ও প্রস্তুতির বিষয়টি বিশেষ গুরুত্ব পায়।
বৈঠক সূত্রে জানা গেছে, দুর্গাপূজা উপলক্ষে মাঠপর্যায়ের নেতাকর্মীদের শৃঙ্খলা বজায় রেখে হিন্দু সম্প্রদায়ের মানুষের পাশে থাকার নির্দেশনা দেওয়া হয়েছে। একই সঙ্গে উসকানিমূলক কর্মকাণ্ড থেকে বিরত থাকা এবং বিব্রতকর পরিস্থিতি এড়িয়ে চলার বিষয়ে সতর্ক করা হয়েছে।
বৈঠক শেষে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেন, বৈঠকে আসন্ন দুর্গাপূজা নিয়ে মূল আলোচনা হয়েছে। কীভাবে সবার মধ্যে পূজার আনন্দ ভাগ করে নেওয়া যায় এবং সারা দেশের পূজামণ্ডপগুলোতে দলের নেতাকর্মীরা স্থানীয় পূজা উদযাপন কমিটির সঙ্গে সমন্বয় করে স্বেচ্ছাসেবকের ভূমিকা পালন করবেন, সে বিষয়ে নেতারা আলোচনা করেছেন।
দলের নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, দেশের বিরুদ্ধে এবং গণতান্ত্রিক সরকারের বিরুদ্ধে একটি মহল নানা ধরনের ষড়যন্ত্র ও অপপ্রচার চালাচ্ছে। সরকার দক্ষ ব্যবস্থাপনার মাধ্যমে এসব ষড়যন্ত্র প্রতিহত করবে। দলের নেতাকর্মীদেরও এ বিষয়ে সতর্ক থাকতে হবে।
রিজভী জানান, দুর্গাপূজা উপলক্ষে ইতোমধ্যে বিএনপির পক্ষ থেকে কেন্দ্রীয়ভাবে একটি পর্যবেক্ষণ কমিটি গঠন করা হয়েছে। এ বিষয়ে দলের নেতাকর্মীরা সজাগ রয়েছেন।
সাংগঠনিক বিষয় নিয়ে আলোচনার কথা জানিয়ে তিনি বলেন, জাতীয় কাউন্সিল বা কমিটি নিয়ে নতুন কোনো আলোচনা কিংবা বার্তা তাঁর কাছে আসেনি। এ ছাড়া স্থানীয় সরকার নির্বাচন নিয়ে বৈঠকে কোনো আলোচনা হয়নি বলেও জানান তিনি।
বৈঠক সূত্র জানায়, দেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি, বিশেষ করে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি নিয়েও স্থায়ী কমিটির সদস্যরা উদ্বেগ প্রকাশ করেন। সাধারণ মানুষের ভোগান্তি কমাতে বাজার সিন্ডিকেটের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া এবং বাজারে নজরদারি বাড়ানোর বিষয়টি আলোচনায় আসে। পাশাপাশি ব্যাংকিং খাত, রেমিট্যান্স প্রবাহ ও অর্থনৈতিক কর্মকাণ্ডে গতিশীলতা ফিরিয়ে আনতে কার্যকর উদ্যোগের প্রয়োজনীয়তা নিয়েও আলোচনা হয়।
এ ছাড়া দেশের তরুণ সমাজকে মাদকের ক্ষতিকর প্রভাব থেকে রক্ষা করতে মাদকবিরোধী কার্যক্রম জোরদার এবং কার্যকর পদক্ষেপ নেওয়ার বিষয়টি আলোচনায় উঠে আসে। ডেঙ্গুর প্রকোপ মোকাবিলায় বর্জ্য ব্যবস্থাপনা উন্নত করা এবং স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম আরও সক্রিয় করার ওপরও গুরুত্ব দেওয়া হয়।
বৈঠকে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, ড. আবদুল মঈন খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, ইকবাল হাসান মাহমুদ টুকু, সেলিমা রহমান, রুহুল কবির রিজভী, ডা. ফরহাদ হালিম ডোনার, ইসমাঈল জবিউল্লাহ ও আমান উল্লাহ আমান প্রমুখ উপস্থিত ছিলেন।